২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় এম কে আনোয়ারের জামিন

নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুপ্রিম কোর্টে প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 02:42 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে এম কে আনোয়ারের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

তার আইনজীবী সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর ভাটারা ও ওয়ারী থানায় করা দুই মামলায় জামিন পাওয়ায় এই বিএনপি নেতার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

তবে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণের প্ররোচনার অভিযোগে গত বছরের ৩০ জানুয়ারি ওয়ারী থানায় ও গত ৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় এম কে আনোয়ারের বিরুদ্ধে দুটি মামলা হয়।

বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলার মধ্যে ওয়ারী থানার মামলায় গত ১০ নভেম্বর এবং ভাটারা থানার মামলায় গত ১৯ নভেম্বর এম কে আনোয়ারের জামিন না মঞ্জুর হয়।

এই আদেশের বিরুদ্ধে গত ২০ ডিসেম্বর হাই কোর্টে আপিল করে দুই মামলায় জামিনের আবেদন জানান এম কে আনোয়ার, যার ওপর বৃহস্পতিবার শুনানি হয়।

আদালতে এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিয়া মো. শামীম আহসান ও ইয়াদিয়া জামান।