অধর্মের ফল পাচ্ছে বিএনপি: হানিফ
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে দীর্ঘ দিনের শরিক ইসলামী ঐক্যজোটের বেরিয়ে যাওয়ার বিষয়টিকে ‘অধর্মের ফল’ মনে করছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল-আলম হানিফ।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অর্ধমের কাজের’ কারণে জোটের শরিকরাই শুধু নয়, বিএনপির শীর্ষ নেতাদের অনেকেও বেরিয়ে যাচ্ছেন।
এর আগে দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিকী সম্মেলনে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অবশ্য তিন ঘণ্টার মধ্যেই আবদুল লতিফ নেজামীদের দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়ে ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব বলেন, তাদের দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটেই রয়েছে।
ইসলামী ঐক্যজোটের ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ বলেন, “ইসলামী ঐক্যজোট কী কারণে তাদের জোট ছেড়েছে তা আমরা বলতে পারি না।
“তবে সাম্প্রতিককালে বিএনপিনেত্রী খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন। তারা নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে। কোনো দল অধর্মের কাজের কারণে জোট থেকে বেরিয়ে যায়, তা খুবই স্বাভাবিক।”
এ কারণে আজকে শুধু জোটের শরিকরা না, বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই দল থেকে বেরিয়ে যাচ্ছেন বলে দাবি করেন হানিফ।
এর আগে গতবছর সেপ্টেম্বরে বিএনপি জোটে ভাঙন ধরিয়ে বেরিয়ে যায় শেখ শওকত হোসেন নীলু নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ নামে নতুন ১০ দলের নতুন এক জোটের ঘোষণা দিয়ে নীলু সে সময় অভিযোগ করেছিলেন, ২০ দলের জোটে বিএনপি-জামায়াত সব সিদ্ধান্ত ‘চাপিয়ে দিতো’।
মাহাবুব-উল-আলম হানিফ (ফাইল ছবি)
সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও সংলাপে বিশ্বাস করে। কিন্তু এ মুহূর্তে কি দেশে কোনো সংকট আছে?
“দেশে কোনো সংকট নেই। আমরা আগেই বলেছি, সংকট আছে খালেদা জিয়ার মনে।”
এসময় খালেদা জিয়াকে তার ‘মনের সংকটের’ জন্য চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেন তিনি।
সংবাদ সম্মেলনের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠক হয়।
হানিফ জানান, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করায় বিএনপিনেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সভাপতি এইচএম বদিউজ্জান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
