২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ঐক্যজোট খালেদার সঙ্গে আছে: মাওলানা রকিব

আবদুল লতিফ নেজামীদের দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়ে ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব বলেছেন, তাদের দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটেই রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 06:24 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

পুরনো খবর:

২০ দলীয় জোট ছাড়ল ইসলামী ঐক্যজোট
ফুল নিয়ে খালেদার কাছে ইসলামী ঐক্যজোটের ‘নতুন নেতৃত্ব’

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের ত্রিবার্ষিক সম্মেলনে দলের চেয়ারম্যান লতিফ নেজামী ২০ দল ছাড়ার ঘোষণা দেওয়ার তিন ঘণ্টার মধ্যে পাল্টা ঘোষণা নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন মাওলানা রকিব।

শৃঙ্খলাভঙ্গের কারণে লতিফ নেজামীরা আর ইসলামী ঐক্যজোটে ‘নেই’ দাবি করে নিজেকে নতুন চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, “ইসলামী ঐক্যজোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটে ছিল, থাকবে।”

২০ দল থেকে গত বছর এনপিপির চেয়ারম্যান শেষ শওকত হোসেন নীলু বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলে ওই দলের আরেক নেতা আলাদা এনপিপি গঠন করে বিএনপি নেতৃত্বাধীন জোটেই থেকে যান।

প্রায় দুই দশক আগে বিএনপি চারদলীয় জোট গঠনের পর থেকে তাদের সঙ্গী ইসলামী ঐক্যজোটের ক্ষেত্রেও একই ঘটনা দেখা যাচ্ছে।

জোট ছাড়ার ব্যাখ্যায় নেজামী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওলামাদের ‘ঐক্যবদ্ধ হওয়া’ প্রয়োজন। সেজন্য তারা ‘স্বতন্ত্রভাবে’ রাজনৈতিক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রকিব বলেন, “সম্প্রতি আমাদের ইসলামী ঐক্যজোটের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি জোটের আদর্শ ও নীতি পরিপন্থি পদক্ষেপ নেওয়ায় এর মূল অঙ্গ সংগঠন বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির নির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়।

“গতকাল (বুধবার) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই সভায় আবদুল লতিফ নেজামীর পরিচালনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলে থাকব।”

ওই সিদ্ধান্তকে উপেক্ষা করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সব কাউন্সিলর ও জেলার প্রতিনিধি, পীর মাশায়েখ ও উলামায়ে কেরামদের মতামত অগ্রাহ্য করেই লতিফ নেজামী জোট ছাড়ার ঘোষণা দেন বলে দাবি রকিবের।

এক প্রশ্নের জবাব রকিব বলেন, “যে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ২০ দলের থাকব। ওই সভাটি নেজামী সাহেব পরিচালনা করেছেন। ”

এই সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের নতুন মহাসচিব হিসেবে মাওলানা আবদুল করিম খানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আসলাম রহমানী, যুগ্ম মহাসচিব আবদুল মাজেদ আজহারী, প্রচার সম্পাদক শওকত আমিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আতহারী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সম্পাদক ফজলুল হক জালালাবাদী, ইসলামী ছাত্র সমাজের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলামসহ ২০/২২ জন নেতা।

ইসলামী ঐক্যজোটে বর্তমানে নেজামী ইসলাম ও খেলাফত ইসলামী এই দুটি দল রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পরে রাতে ওই কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে ইসলামী ঐক্যজোটের ‘নতুন নেতৃত্ব’, তারা জোটনেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেজামী ‘অটোমেটিক বাদ’

ইসলামী ঐক্যজোটের গঠনতন্ত্রে বহিষ্কারের সুযোগ নেই জানিয়ে মাওলানা রকিব বলেছেন, দলের শৃঙ্খলাভঙ্গ করায় তাদের পদ চলে গেছে। ফলে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।

লতিফ নেজামীরা দলে ‘নেই’ বলে বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, “ইসলামী ঐক্যজোটের পরিপন্থি কাজ করায় তাদের (লতিফ নেজামী, মুহাম্মদ ফয়েজুল্লাহ) পদ অটোমেটিক চলে যাওয়ায় আমাদের এই কমিটি ঘোষণা করা হয়েছে।

“সংবিধানসম্মতভাবে আগামী ১৫ দিনের মধ্যে গঠনতন্ত্র অনুসারে নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা হবে।”

আগামী ৩১ মার্চ ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিলের ঘোষণাও দেন নতুন চেয়ারম্যান হিসেবে পরিচয় দেওয়া মাওলানা রকিব।

কোন ক্ষমতাবলে আপনি চেয়ারম্যান হলেন- এক সাংবাদিকের এই প্রশ্নে তিনি বলেন, “জোটের সংবিধানে আছে চেয়ারম্যান যদি আদর্শ পরিপন্থি কিছু করেন, তাহলে সিনিয়র ভাইস চেয়ারম্যানই পদাধিকার বলে চেয়ারম্যান হবেন।”

Image
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনে আবদুল লতিফ নেজামী (বাঁয়ে)

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনে আবদুল লতিফ নেজামী (বাঁয়ে)

তাহলে লতিফ নেজামীকে কি বহিষ্কার করেছেন- প্রশ্ন করা হলে রকিব বলেন, “ইসলামী ঐক্যজোটে বহিষ্কারের কোনো ব্যবস্থা নেই। আমরা ধৈর্যশীল, আমরা সংশোধনের চেষ্টা করি, বহিষ্কারের ব্যবস্থা নেই।”

লতিফ নেজামীর অবস্থান তাহলে কোথায়- জানতে চাইলে তিনি বলেন, “১৫ দিনের মধ্যে মজলিশে শূরা হবে। সেই শূরায়ই সিদ্ধান্ত হবে, উনার অবস্থান কোথায়।

“এটা পরিষ্কার যে উনি ঘোষণা দিয়েছেন, উনি ২০ দলে নেই। আমি ঘোষণা দিয়েছি, আমরা ২০ দলে ছিলাম, আছি, থাকব।

৩১ মার্চ যে সম্মেলনে ডাকা হয়েছে, তাতে প্রমাণ হবে, কতজন ইসলামী ঐক্যজোটের মূল আদর্শের সঙ্গে আছেন, আর দল পরিপন্থিদের সঙ্গে কতজন আছেন।”

পেছনে ‘মহাশক্তি’

লতিফ নেজামীদের ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণার পেছনে কেউ রয়েছে বলে সন্দেহ করলেও সে বিষয়ে মুখ খুলতে চাননি সুপ্রিম কোর্টের আইনজীবী রকিব।

বিএনপি নেতারা বরাবরই বলে আসছেন,সরকার ২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র করছে।

মাওলানা রকিব বলেন, “তিনি (নেজামী) একটা ঘটনা ঘটিয়েছেন, তার পেছনে একটা মহাশক্তি কাজ করতে পারে।”

এই মহাশক্তি কী- জানতে চাইলে তিনি বলেন, “আমি বলব কেন? আপনারা সাংবাদিক, আমার চেয়ে আপনাদের বেশি অভিজ্ঞতা।”

লতিফ নেজামীর তৎপরতার বিষয়ে জানতে চাইলে মাওলানা রকিব বলেন, “গতকাল সভায় সিদ্ধান্ত হল, আমরা ২০ দল ছাড়ব না। আমাদের সঙ্গে নেজামী সাহেব রাত ৯টা পর্যন্ত ছিলেন। পরে উনি কী করছেন, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামীন জানতে পারেন।”