ফুল নিয়ে খালেদার কাছে ইসলামী ঐক্যজোটের ‘নতুন নেতৃত্ব’
চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পর নিজেকে ইসলামী ঐক্যজোটের ‘নতুন চেয়ারম্যান’ ঘোষণাকারী মাওলানা আবদুর রকিব দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে ।
বৃহস্পতিবার রাতে ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার কার্যালয়ে তার হাতে ফুল তুলে শুভেচ্ছা জানান তিনি।
তার আগে বিকালে সেখানে সংবাদ সম্মেলন করে রকিব নিজেকে ইসলামী ঐক্যজোটের নতুন চেয়ারম্যান হিসেবে দাবি করেন।
বিএনপির দীর্ঘদিনের এই জোটসঙ্গী দলটির চেয়ারম্যান লতিফ নেজামী দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সম্মেলনে ২০ দলীয় জোট ছেড়ে আলাদাভাবে চলার ঘোষণা দেন।
তারপরই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান রকিব।
তারপর রাত ৯টায় ‘নতুন মহাসচিব’ আবদুল করীম খানসহ কয়েকজন নেতাকে নিয়ে খালেদার সঙ্গে বৈঠক করেন তিনি।
শৃঙ্খলাভঙ্গের কারণে লতিফ নেজামীরা আর ইসলামী ঐক্যজোটে ‘নেই’ দাবি করে রকিব সংবাদ সম্মেলনে বলেন, “ইসলামী ঐক্যজোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটে ছিল, থাকবে।”
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে মাওলানা রকিবের সঙ্গে ছিলেন জমিয়তে উলামে ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা তারিখ কাছেমী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ২০ দলীয় জোটের শরিক বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাগপার শফিউল আলম প্রধান, ডিএলের খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপের জেবেল রহমান গানি এ সময় উপস্থিত ছিলেন।
