২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের দুই মঞ্চ প্রস্তুত

জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডির রাসেল স্কয়ারে তৈরি হয়েছে মঞ্চ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজেস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 02:00 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মঙ্গলবার বেলা আড়াইটায় দুই মঞ্চেই সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। 

বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা থাকলেও আওয়ামী লীগ মঞ্চ করেছে ওই সড়কে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে। আর রাসেল স্কোয়ারের মঞ্চটি হয়েছে লেকের পাড়ে গাড়ি রাখার জায়গায়।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করা বিএনপিও এদিন নয়া পল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে। দিনটি তারা পালন করছে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ সকাল থেকে নেতাকর্মীদের নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ের মঞ্চ তৈরির কাজ তদারক করেন। দুপুরের আগেই ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্ষিপ্তভাবে নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে শুরু করেন।

গতবছর ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের প্রথম বছর পূর্তির দিনে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি জনসভার ঘোষণা দিলে দেখা দেয় উত্তেজনা। পুলিশের বাধায় জনসভা করতে না পেরে খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকেন। তিন মাসের ওই কর্মসূচিতে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যু হয়।

এবারও দুই দল একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি পালনের অনুমতি চাইলে নতুন করে উত্তেজনার শঙ্কা তৈরি হয়।

শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুই দলকে আলাদা স্থানে সমাবেশের অনুমতি দেয়। আর মহানগর পুলিশ বেলা ২টা থেকে তিন ঘণ্টা সময় ঠিক করে দিয়ে কয়েকটি শর্ত বেঁধে দেয় দুই দলকে।  

পুলিশ কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক কর্মসূচির আড়ালে কেউ যদি জননিরাপত্তা বিঘ্নিত করতে চায় তাদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী শক্ত ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তার খাতিরে সব দলকেই সমানভাবে দেখব।”