দলীয় নেতাদের বৈঠকে ডেকেছেন খালেদা
আগামী ৫ জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ নিয়ে জটিলতার মধ্যে দলীয় নেতাদের বৈঠকে ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ম্যাডাম সিনিয়র নেতাদের ডেকেছেন।”
সোমবার রাত সাড়ে ৯টায় গুলশানে খালেদার কার্যালয় এই বৈঠক হবে বলে জানান তিনি।
পৌরসভা নির্বাচনে হার প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর গত ৩০ ডিসেম্বর রাতে ওই কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন খালেদা।
এদিকে সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যে সোমবার দুপুরে নয়া পল্টনের কার্যালয়ে মহানগর ও সহযোগী সংগঠনের বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন আগামী মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা একদিন আগেই দিয়েছিল বিএনপি। এর মধ্যে আওয়ামী লীগও সেখানে সমাবেশ ডাকে।
২০১৪ সালের নির্বাচন বর্জনকারী বিএনপি গত বছরের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি ঘোষণা করলে আওয়ামী লীগও ‘গণতন্ত্র রক্ষা দিবসের’ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছিল।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনায় পুলিশের বাধা পাওয়ার পর খালেদা জিয়া লাগাতার অবরোধ ডেকেছিলেন। তিন মাসের ওই কর্মসূচিতে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যু হয়।
এবারও পরিস্থিতি একই রকম উত্তেজনার দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সোহরাওয়ার্দী উদ্যান কাকে দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ঢাকা মহানগর পুলিশ এখনও দেয়নি।
ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া রোববার বলেছেন, জনগণের নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করলে কাউকেই অনুমতি দেওয়া হবে না।
সোহরাওয়ার্দী উদ্যান না হলে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইছে বিএনপি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, নয়াপল্টনে বিএনপির সমাবেশের জন্য তাদের কাছে করা আবেদনের বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবেন।
