ঝুঁকি দেখলে কাউকে অনুমতি নয়: পুলিশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের কর্মসূচি ঘিরে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি দেখলে কোনো দলকেই অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে মহানগর পুলিশ।
ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া রোববার মিন্টো রোডে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “দুই দল একই স্থানে একই তারিখে একই সময়ে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। আমরা দুটি দরখাস্তই পেয়েছি। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জননিরাপত্তা।
“যদি আমাদের কাছে অনুভূত হয় যে পরস্পরবিরোধী জনসমাবেশে সাংঘর্ষিক কর্মসূচির কারণে জননিরাপত্তা তথা মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা কাউকে কর্মসূচি করার অনুমতি দিতে পারি না।”
পুলিশ কমিশনার জানান, সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আছে কি না তা জানতে রমনার উপ কমিশনার এবং শাহবাগের ওসির কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।
“আজই হয়তো রিপোর্ট আমরা পেয়ে যাব। পেয়ে গেলে আমরা দুই দলকে চূড়ান্তভাবে জানিয়ে দেব। আমি স্পষ্টভাবে বলছি, সাংঘর্ষিক কোনো কর্মসূচি থাকলে, যেখানে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে… যেটা আমরা নিকট অতীতে দেখে এসেছি, ওই ধরনের কোনো কর্মকাণ্ডের অনুমতি আমরা দেব না।”
নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে গতবছর প্রধান দুই দলের কর্মসূচি ঘিরে শুরু হয়েছিল সহিংসতা ও অনিশ্চয়তা। এর এক বছরের মাথায় শনিবার আবারও দুই দল একই দিনে সমাবেশের ঘোষণা দেয়।
বিএনটিপর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে কর্মসূচির ঘোষণা আসে।
সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপনের জন্য ওইদিন সোহরাওয়ার্দী ছাড়াও ঢাকার ১৭টি স্থানে একযোগে সমাবেশ করার ঘোষণা রয়েছে আওয়ামী লীগের।
দুই দলের কেউ সমাবেশের জন্য বিকল্প স্থান চাইলে অনুমতি দেওয়া হবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচি থাকলে তো ডিএমপির পক্ষ থেকে কোনো বাধা নেই। তা সে যে ভেন্যুই হোক না কেন। এমনকি তারা যদি দ্বিপক্ষীয়ভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান, সেক্ষেত্রেও তারা ওয়েলকাম।”
৫ জানুয়ারি ঘিরে পুলিশের প্রস্তুতি সম্পর্কে কমিশনার বলেন, অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হবে। কেউ জন নিরাপত্তার জন্য হুমকি হলে- সে যে দলেরেই হোক- তাকে আইনের আওতায় আনা হবে।
ঢাকা মহানগর পুলিশের নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’ এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি নিউজ এর সম্পাদক ও উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. মারুফ হোসেন সরদার।
কোটি টাকার ‘ব্যাখ্যা নেই’
রাজধানীতে কোটি টাকাসহ এক জামায়াত নেতাকে গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান মিয়া বলেন, “বিষয়টি বিচারাধীন। এখন স্পষ্ট মন্তব্য করাটা ঠিক হবে না। তবে এটা বলতে চাই, কাল জামায়াতে ইসলামের যে নেতারা ধরা পড়েছেন এক কোটি ২৭ লাখ টাকাসহ, ওই টাকার বিষয়ে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তারা দিতে পারেননি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
বনশ্রীর বি ব্লকের ৬ নম্বর রোডের ১৭ নম্বর বাসা থেকে জামায়াতের রুকন গিয়াসউদ্দীনসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান।
শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৫ জানুয়ারি নাশকতা চালানোর লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের জড়ো করতে অর্থের জোগান দেওয়ার চেষ্টা করছিলেন তারা।”
