হতাহত হলে দায় খালেদার: শাজাহান
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষ পূর্তির দিনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় বিএনপি প্রধানকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেছেন, ওই দিন একজনও যদি হতাহত হয় খালেদাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।
গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগও একই স্থানে একই দিন সমাবেশ করবে।
আওয়ামী লীগ এই দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে।
রোববার রাজধানীর মতিঝিলের শাপলা চত্তরে এক সমাবেশে শাজাহান খান বলেন, “বিএনপি-জামায়াতের নেতৃত্বে ২০১৪-১৫ সালে ৫ জানুয়ারি নির্বাচনের নামে পেট্রোল বোমা মেরে শত শত শ্রমজীবী সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে।
“আর আমরা সহ্য করব না। আর একটা পেট্রোল বোমা মারলে, একজন মানুষের জীবন গেলে আমরা আর বসে থাকব না, পাকিস্তানের খালেদাকে পাকিস্তানে পাঠিয়ে দেব।”
২০১৫ সালে ৫ জানুয়ারির কর্মসূচিকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। এরপর কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডাকেন খালেদা জিয়া।
তিন মাসের ওই কর্মসূচিতে নাশকতায় শতাধিক মানুষ মারা গিয়েছিল।
যুদ্ধাপরাধের দায়ে পাকিস্তানি ১৯৫ সেনা কর্মকর্তার গণ বিচারের দাবিতে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সমাবেশে শাজাহান খান বলেন, “মানুষের পায়ে যদি গ্যাংরিন হয় তাহলে তাকে বাঁচানোর জন্য অপারেশন করে তার পা কেটে ফেলতে হয়। বিএনপি-জামায়াতের নেত্রী খালেদা জিয়া একটা গ্যাংরিন। তাকে অপারেশন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের নির্মূল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
শাজাহান খান জানান, ৬ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ গণ অবস্থান নেবে।
জামায়েতের আমির মতিউর রহমান নিজামির ফাঁসির রায় না শোনা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে এই গণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আবেদ খান, নারী নেত্রী শিরীন আক্তার, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি ইছমত কাদের গামা।
