২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি অফিসে ‘আসল বিএনপি’র ‘হামলা’

বিএনপি দাবি করেছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ‘আসল বিএনপি’র ব্যানারে হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় দলের অঙ্গসংগঠনের ১৪/১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 08:09 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

খালেদাকে পদত্যাগের আল্টিমেটাম ‘আসল বিএনপির’
‘খালেদাকে ছাড়লে জনপ্রিয় হবে বিএনপি’
খালেদা ‘সিরিয়াল কিলার’: নাসিম

পুলিশ বলছে, সেখানে বিএনপির দুই পক্ষে ‘একটু ঝামেলা’ হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শনিবার বিকাল সোয়া ৫টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিকাল ৪টার দিকে প্রকৃত বিএনপি নামে ফকিরেরপুল মোড় থেকে কোথাকার অপকৃষ্ট, উচ্ছিষ্ট, পরজীবী সংগঠন, কী নাম, আমরা কোনোদিন শুনিনি- প্রকৃত বিএনপির নামে কিছু টোকাই-মোকাইয়ের একটা মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালায়। মিছিলের পেছনে পুলিশের প্রটেকশন ছিল।”

“হামলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১৪/১৫জন নেতা-কর্মী আহত হয়েছে। অফিসের সামনে থাকা সাংবাদিকও আহত হয়েছেন। আহত কয়েকজনকে ইসলামী হাসপাতালে নেওয়া হয়েছে।”

‘পুলিশ প্রটেকশনের’ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ তা অস্বীকার করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা সামান্য হাতাহাতি ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।” 

ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কামরুল হাসান নাসিম নামে একজন ‘আসল বিএনপি’ নামের এই সংগঠনের নেতা। তিনি বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা হিসেবে নিজেকে দাবি করে আসছেন।

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে অবৈধ ঘোষণা করে জিয়াউর রহমানের ‘আদর্শের বিএনপিকে’ ফিরিয়ে আনার ঘোষণাও এর আগে দিয়েছেন নাসিম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘জিয়া জিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আসল বিএনপি আসল বিএনপি, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগানে বিকাল ৪টার দিকে কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’র শতাধিক মানুষের একটি মিছিল ফকিরেরপুল থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয় অভিমুখে রওনা করে। এসময় তাদের হাতে জাতীয় পতাকা, গজারি গাছের লাঠি ও ক্রিকেটের স্ট্যাম্প ছিল।

মিছিলটি কিছু দূর এগুনোর পর তাদের নেতা কামরুল হাসান নাসিম সরে পড়েন। এরপর মিছিলটি এগিয়ে যেতে থাকলে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের কয়েকশ’ নেতা-কর্মী অবস্থান নিয়ে হৈ চৈ শুরু করে।

উভয়পক্ষের উত্তেজনার মধ্যে মিছিল থেকে ইট-পাটকেল ও গজারির লাঠি বিএনপি কার্যালয়ের দিকে ছুড়ে মারা হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময়ে কার্যালয়ের সামনে পুলিশ সদস্যরা তৎপর হয়ে ওঠে। তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় মিছিলকারীরা এদিক-ওদিক পালিয়ে যেতে থাকে।

এক পর্যায়ে কার্যালয় থেকে নীচে নেমে নেতা-কর্মীদের শান্ত করেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী।

সেখানে ছাত্রদলের উত্তর শাখা অফিসের কর্মচারী মুন্না ও দক্ষিণ শাখা অফিসের কর্মচারী নাদিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামরুল হাসান নাসিম নামের এক লোক নিজেকে আসল বিএনপির নেতা বলে পরিচয় দিয়ে আসছেন। তার কর্মী-সমর্থকরা বিকেলে পার্টি অফিসে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

জরুরি সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য সরকারকে অভিযুক্ত করে রিজভী বলেন, “পৌর নির্বাচনের ভোট কারচুপি ও ৫ জানুয়ারি সোহরওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা নিয়ে জনদৃষ্টি সরিয়ে নিতে সরকার কোথাকার প্রকৃত বিএনপি নামে নাম না-জানা কিছু টোকাই-মোকাই ভাড়া করে তাদের দিয়ে মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে হামলার অপচেষ্টা চালায়।

“এর সঙ্গে শাসক দল থাকতে পারে। কারণ মিছিলটির পেছনে পুলিশ প্রটেকশনে ছিল। এটা কি বুঝতে বাকি আছে, কারণটা কী?”

এ ঘটনাকে বিএনপির বিরুদ্ধে একটি ‘ভয়ংকর অশুভ চক্রান্তের’ অংশ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “আমরা দেখলাম মিছিলটি কার্যালয়ের সামনে আসার পর হঠাৎ বিএনপির কার্যালয়ে আক্রমণ চালায়। আমরা সরকারের মদদের এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।”

রিজভী বলেন, “এ ঘটনার জন্য দায়ী সম্পূর্ণরূপে সরকার ও শাসক দল। তারা মনে করেছে, দেশের মানুষ বোধহয় উটপাখির মতো মাথা নুইয়ে রেখেছে।

“কিন্ত জনগণ সব কিছু দেখছে, জানছে। আপনারা (সরকার) চক্রান্ত করে ষড়যন্ত্র করে পার্টি অফিস দখল করাবেন টোকাই-মোকাইয়ে দিয়ে।”

বিএনপিকে ‘লক্ষ-কোটির দল’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “যে দল অন্যায়ের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে সোচ্চার উচ্চারণ করতে পারে, তাদেরকে হুমকি দিয়ে ভাড়াটিয়া বাহিনী দিয়ে পর্যদুস্ত করা যাবে না। যারা এই ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা করছি।”

হামলা হতে পারে জানার পর দুপুরেই বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয় দাবি করে রিজভী বলেন, “তারপরও এটি প্রশাসনের ছত্রছায়ায় হবে- এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এটা কখনো মেনে নেওয়া যায় না।”

তিনি জানান, এ ব্যাপারে দলের পক্ষ থেকে সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বাদী হয়ে পল্টন থানায় ডায়েরি করেছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় বিএনপি পল্টন কার্যালয়ে গিয়ে দেখা গেছে, মূল প্রবেশ পথ খোলা থাকলেও ছাত্রদলের উত্তর ও দক্ষিণ শাখা কার্যালয়ে তালা ঝুলছে। মূল প্রবেশ পথে দাঁড়িয়ে আছেন ওই দুই কর্মচারী।