২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ‘সিরিয়াল কিলার’: নাসিম

বাংলাদেশে সম্প্রতি সংঘটিত সব হত্যাকাণ্ডের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে তাকে ‘সিরিয়াল কিলার’ বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 01:18 AM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বুধবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “খালেদা জিয়া আপনি তো খুনি। আপনি সিরিয়াল কিলার। বিদেশিসহ সব ধরনের হত্যাকাণ্ড আপনিই ঘটাচ্ছেন।”

লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে বক্তব্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘লেডি হিটলার’ বলার প্রতিক্রিয়ায় একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

“লন্ডনে বসে খালেদা জিয়া যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রম করে কথা বলেছেন, তা কোনো ভদ্রলোক বলতে পারেন না।”

সভায় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী কোনো দেশের নাম উল্লেখ না করে বাংলাদেশ নিয়ে বিদেশিদের তৎপরতার সমালোচনা করেন। 

“আপনারা বান্দরের লেজে আগুন দিয়ে সারা পৃথিবী তছনছ করবেন, আর বাংলাদেশে এসে চোরকে বলবেন চুরি করতে আর গৃহস্থকে বলবেন সজাগ থাকতে। এই খেলা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে।”

“আজকে যারা সন্ত্রাস, হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার বিজয়কে স্তদ্ধ করতে চায় তাদেরও মুরব্বি আছে,” বলেন একসময়ের বাম নেতা মতিয়া। 

জেল হত্যা দিবস উপলক্ষে এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়েজিত এই সভায় নাসিম যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের বিরোধিতাকারী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমালোচনাও করেন।

“যারা আজকে মানবাধিকার ও আইনের শাসনের কথা বলেন। যেদিন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন? আমেরিকা-কানাডা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। তাদের মুখে এসব কথা মানায় না।” 

মনসুর আলীর ছেলে নাসিম বলেন, “বাঙালি জাতির জন্য জেল হত্যা দিবস যেমন কষ্টের দিন। আমার জন্যও এই দিনটি কষ্টের। আমি আমার বাবার লাশ দেখতে পারিনি। বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। তারপরও আমার দুঃখ নেই। কারণ আমি মোশতাকের মতো বেঈমানের সন্তান নই। আমি এম মনসুর আলীর সন্তান।”

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার মনসুর আলীর সঙ্গে কারাগারে সাক্ষাতের স্মৃতিচারণ করেন।

“কেন্দ্রীয় কারাগারের তিন নম্বর সেলে দেখা করতে গেলে তিনি একটি গেঞ্জি বের করে আমাকে দেখিয়ে  বলেছিলেন, ‘এটি বঙ্গবন্ধু  পরতেন, পরে তিনি আমাকে দিয়েছিলেন, জেলে আসার সময় এটি নিয়ে এসেছি’। এটাই ছিল নেতার প্রতি তার আনুগত্য ও শ্রদ্ধা।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান সভায় বক্তব্য রাখেন।