জনগণ আমাদের বিশ্বাস করেছে: অর্থ প্রতিমন্ত্রী
পৌর নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকারের উপর দেশের মানুষের ‘আস্থার প্রতিফলন ঘটেছে’ মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
শনিবার এক সেমিনারে তিনি বলেন, “আমাদের ধারণা ছিল যে জনগণ আমাদের কাজকে সমর্থন করছে। কিন্তু পৌর নির্বাচনে আমরা কনফার্ম হয়েছি যে জনগণ আমাদের বিশ্বাস করেছে।”
প্রথমবারের মতো দলীয় প্রতীকে ২৩৪ পৌরসভা নির্বাচনে ২২৭টির ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের ১৭৭ জন ও বিএনপির ২২ জন বিজয়ী হয়েছেন; ভোট পড়েছে ৭৩ দশমিক ৯২ শতাংশ।
১৯৯টি পৌরসভায় বাক্সে পড়া মোট ভোটের ৫২ শতাংশ পেয়েছে ক্ষমতাসীন দল। সাত বছর পর প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ে বিএনপি পেয়েছে ২৮ শতাংশ ভোট।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে ব্যাংক কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করে আ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমেদ আল কবির।
ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযুক্তি ব্যবহারের ফলে ‘ব্যাপক উন্নতি’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “প্রযুক্তির এ সুবিধা ব্যবহার করতে পারলে ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।”
