২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগের মতোই ব্যর্থ হয়েছে ইসি: সিপিবি

পৌর নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে মন্তব্য করে নির্বাচন ব্যবস্থায় সংস্কারের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 07:56 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

ভোটের পরদিন বৃহস্পতিবার দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ স্বাক্ষরিত এক এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, “সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিগত নির্বাচনের মতো এবারও নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে।”

“নির্বাচনে টাকার খেলা, নানাভাবে পেশি শক্তির ব্যবহার, সাম্প্রদায়িক প্রচারণা ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং রোধ করতে নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি।”

অনিয়ম ও সংঘর্ষের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে বুধবার প্রথমবারের মতো দেশে দলীয়ভাবে পৌরসভা নির্বাচন হয়। ২৩৪টি পৌরসভার মধ্যে এ পর্যন্ত ২২৭টি মেয়র পদের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।

এতে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে, বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছেন ২২টিতে।

ওই নির্বাচনে পৌর মেয়র পদে সিপিবি থেকে চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ জয়ী হতে পারেননি।

বিভিন্ন স্থানে সংঘাত ও সংঘর্ষের মধ্যে এই নির্বাচনকে ‘কোনোভাবেই জনগণের প্রত্যাশিত অবাধ-নিরপেক্ষ নির্বাচন’ বলে আখ্যায়িত করা যায় না বলে মনে করছে সিপিবি।

ভোটে নানা কারচুপির আশ্রয় নেওয়া ও অনেক স্থানে সব ভোটার নির্ভয়ে ভোট দিতে পারেনি অভিযোগ করে ভোটের ফলাফলে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে নি বলে বিবৃতি বলা হয়।

'নির্বাচনকে প্রহসনের ধারা থেকে মুক্ত করা যায়নি' বলেও এতে মন্তব্য করে বিএনপি নেতৃত্বাধীন জোটের ২০ দলীয় জোটের পাশাপাশি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা সিপিবি।

বিবৃতিতে আরও বলা হয়, “সংবিধান অনুযায়ী প্রশাসনের প্রত্যেক স্তরে স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের ওপর ‘স্থানীয় শাসনের ভার’ প্রদান করা হয়েছে।

অথচ পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কাউন্সিলার এবং নির্বাচিত মেয়রদের সমন্বয়ে স্থানীয় শাসন বিষয়ে দায়িত্ব কর্তব্য ও অঙ্গীকারের বিষয়টি ছিল অনুপস্থিত।”

“এমতাবস্থায় অবাধ নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্র, সর্বত্র জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা-জবাবদিহীতা নিশ্চিত করা ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে পুরো নির্বাচন ব্যবস্থায় আমূল সংস্কারের লড়াই জোরদার করতে হবে”, বিবৃতিতে বলেন সিপিবি নেতারা।