‘পাকিস্তানি’ খালেদাকে ভোটে জনতার জবাব: হানিফ
খালেদা জিয়া মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তুলে পাকিস্তানের পক্ষ নেওয়ায় জনগণ পৌরসভা নির্বাচনে তার দলের প্রার্থীদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আগের দিন ২৩৪টি পৌরসভার ভোটের ফলে বিএনপির ‘ভরাডুবির’ পর বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
হানিফ বলেন, “স্বাধীনতার ৪৪ বছর পর বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ ও শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে বিতর্কিত মন্তব্য করেছেন তা জনগণ ভালোভাবে নেয়নি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কটাক্ষ করে বেগম খালেদা জিয়া নিজেকে পাকিস্তানি হিসেবে প্রমাণ করেছে।
“সাধারণ জনগণ পাকিস্তানি খালেদা জিয়ার নেতৃত্বে আর কাউকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এই মুক্তিযুদ্ধবিরোধী খালেদা এবং তার দলকে আবারও এই নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে জনগণ।”
অনিয়ম ও সংঘর্ষের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে বুধবার প্রথমবারের মতো দেশে দলীয়ভাবে পৌরসভা নির্বাচন হয়। ২৩৪টি পৌরসভার মধ্যে এ পর্যন্ত ২২৭টি মেয়র পদের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।
এতে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে, বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছেন ২২টিতে।
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, দেশের মানুষ বোমাবাজ, সন্ত্রাসী ও জঙ্গিবাদী জামায়াতে ইসলামের পাশে না গিয়ে উন্নয়নের অগ্রযাত্রার পাশেই রায় দিয়েছে। পেট্রোল বোমা দিয়ে ১৪৭ জনকে পুড়িয়ে মারার প্রতিক্রিয়ার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে।
বিএনপির পক্ষ থেকে ভোট কারচুপির অভিযোগ নাকচ করে তিনি বলেন, “বিএনপি এই নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করে প্রমাণ করেছে- এটা একটি বৈধ সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে তারা বাধ্য।”
‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের জয়’
পৌর ভোটে আওয়ামী লীগে ‘নিরঙ্কুশ’ বিজয়কে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির ‘জনপ্রিয়তার প্রমাণ’ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
“নির্বাচনের ফলাফলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনপ্রিয়তা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সংসদ সদস্য লুৎফা তাহের ডালিয়া ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ সভায় উপস্থিত ছিলেন।
