ইসিকে ধন্যবাদ দুই দলের
পৌরভোট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও সমালোচনা করলেও দিনশেষে সাংবিধানিক সংস্থাটিকে ধন্যবাদ জানাতে ভোলেনি প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এতে ‘খুব খুশি’ নির্বাচন কমিশনও।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের দুই শতাধিক পৌরসভায় ভোট শেষে শুরু হয়েছে গণনা।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও অভিযোগ জানাতে সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে আছে বিএনপির প্রতিনিধিরা। আর অভিযোগ ‘খণ্ডাতে’ সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরতে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিরা।
দুই ঘণ্টা পরপর দু্ই দলই সাংবাদিকদের সামনে নির্বাচন পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে।
এর মাঝে তাদের প্রতিনিধি দলের সদস্যরা পালাক্রমে যাচ্ছে চার কমিশনার- মো. শাহনেওয়াজ, আব্দুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলীর কক্ষে। সেখানে অভিযোগ জানানো ও তা খণ্ডনের পাশাপাশি চাও পান করতে দখা গেছে তাদের।
এছাড়া দুই দলের নেতাদের ইসির বিভিন্ন কর্মকর্তার কক্ষে একসঙ্গেও দেখা গেছে।
ইসির উপ-সচিব সামসুল আলমের কক্ষে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামকে দেখা যায় একসঙ্গে।
দেখা গেছে, মোবারক ও জাবেদ আওয়ামী লীগের প্রতিনিধিদের সময় দিলে বিএনপির প্রতিনিধিদের সময় দিচ্ছেন শাহনেওয়াজ ও হাফিজ। একটু পর আবার তারা পরিবর্তন করে সময় দিচ্ছেন দুই দলকেই।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ কোনো দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এ কারণে চার কমিশনার দুই দলকে নিয়েই বৈঠক করে তাদের অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন বলে জানান তারা।
ভোট শেষে কমিশনার হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদলকে সময় দেওয়ার চেষ্টা করেছি। যখনই যে অভিযোগ পেয়েছি, তা খতিয়ে দেখে ব্যবস্থা নিয়েছি।
“সবার সঙ্গে আলোচনা করে ভালো লেগেছে, এমন পরিবেশ আমরাও চাই। নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট। আরও সন্দুর করতে পারলে আরও ভালো হতো।”
সকাল সাড়ে ৮টায় সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ইসিতে পৌঁছায়।
বেলা সাড়ে ১১টা দিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে পৌঁছায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।
সকাল সাড়ে ১০টার দিকে ওসমান ফারুক ও বেলা সোয়া ১২টায় সাংবাদিকদের ব্রিফ করেন এইচ টি ইমাম।
ওসমান ফারুকের নেতৃত্বের বিএনপির প্রতিনিধি দলটি দুপুর ২টা পর্যন্ত কমিশনে অবস্থান করে।
তারপর থেকে রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
দুই দলের নেতাদের অবস্থানের কারণে ইসি সচিবালয়ের নিরাপত্তা কিছুটা বাড়ানো হয়েছে; সাংবাদিক প্রবেশেও রয়েছে ‘কিছুটা কড়াকড়ি’। কমিশন কর্মকর্তারা ব্যস্ত নেতাদের ‘সামলাতে’।
ইসির উপসচিব সামসুল আলম জানান, ফল ঘোষণাকে কেন্দ্র ইসি প্রাঙ্গণে রেজাল্টবোর্ড রাখা হয়েছে। তবে রাজনৈতিক নেতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়নি।
আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের অনেকে ফল ঘোষণার শেষ পর্যন্ত কমিশনে অপেক্ষা করবেন বলে জানা গেছে।
চার কমিশনার সময় দেওয়ায় এইচ টি ইমাম, ওসমান ফারুক ও খন্দকার মাহবুব হোসেন আলাদা আলাদাভাবে ইসিকে ধন্যবাদ জানিয়েছেন।
ওসমান ফারুক বলেন, “আমরা ধন্যবাদ জানাই ইসিকে, তারা শক্তভাবে মাঠ পর্যায়ে ফোন দিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।”
“ইসির অবস্থা অসহায়। ধন্যবাদ চেষ্টা করা জন্য,” বলেন খন্দকার মাহবুব।
এইচ টি ইমাম বলেন, “আমরা অভিযোগ জানাতে আসিনি; সুনির্দিষ্ট তথ্য জানাতে এসেছি। সিইসি আজ কারও সঙ্গে সময় দিতে পারবেন না। তবে সময় দেওয়ায় চার নির্বাচন কমিশনারকে ধন্যবাদ।”
