১৭৬ কেন্দ্রে অনিয়মের অভিযোগ জাপার
পৌর নির্বাচনে বিভিন্ন এলাকায় বিরোধীদলের কর্মীদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে জাতীয় পার্টি।
বুধবার ভোট শেষ হওয়ার আগেই শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ পৌঁছে দেয় দলটি।
তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা।
তিনি জানান, তারা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত অভিযোগপত্র প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দিয়েছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মীরা এসব ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।
বিভিন্ন এলাকার ভোটের চিত্র তুলে ধরে সাইদুর রহমান বলেন, জয়পুর হাটের জাপা মেয়র প্রার্থীর মাইক্রোবাসে আগুন দেওয়া হয়েছে। সরিষাবাড়ী পৌরসভার ১৮টি কেন্দ্রসহ জামালপুর সদর, লাকসাম, দিরাইসহ আরও বেশকিছু কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে ভোট ডাকাতি হয়েছে। কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে।
প্রতিনিধিদলে আরও ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ও বিরোধী
দলীয় নেতার সচিব ফখরুল ইমাম।
