ব্যালট ছিনিয়ে জিততে চায় বিএনপি: হানিফ
পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের পরাজয়ের আশঙ্কায় বিএনপি ব্যালট পেপার ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার পৌর ভোট চলার মধ্যে দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
হানিফ বলেন, “তারা (বিএনপি) জানে জনগণ তাদের পক্ষে রায় দেবে না, তাই ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নির্বাচনে জয়লাভ করতে চাচ্ছে।
“কুয়াকাটার ৮ নম্বর কেন্দ্রে বিএনপি সমর্থকরা জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে গেছে। কুষ্টিয়ার কুমারখালীর একটি কেন্দ্র থেকে বিএনপির প্রার্থী ও সমর্থকরা জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে।”
নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপির নেতাকর্মীরা যশোরে সাংবাদিকদের উপর ‘পরিকল্পিতভাবে হাতবোমা ছুড়েছে’ বলে অভিযোগ করেন এ আওয়ামী লীগ নেতা।
আওয়ামী লীগের প্রার্থীরা ‘কেন্দ্র দখল করছে’ বলে বিএনপির অভিযোগের জবাবে হানিফ বলেন, নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি এরকম বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে ‘সামাজিক দ্বন্দ্ব’ হিসেবে অভিহিত করেন তিনি।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট সুষ্ঠুভাবে চলছে মন্তব্য করে হানিফ বলেন, “সকাল থেকে সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। জয়-পরাজয় যাই হোক তা মেনে নেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি।”
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আবু সাঈদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক এমপি, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সুজিত নন্দী ও যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।
