খালেদার বিচারের ভার জনতার: তোফায়েল
মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়ার বক্তব্যকে রাষ্ট্রদ্রোহমূলক মনে করলেও তার বিষয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন মন্ত্রী তোফায়েল আহমেদ।
বিতর্কিত ওই বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ-বিক্ষোভ এবং আদালতে ব্যক্তিগত পর্যায়ে মামলা দায়েরের মধ্যে মঙ্গলবার এক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা সম্প্রতি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন। এরপর থেকে তা নিয়ে প্রতিবাদ চলছে।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, খালেদার ওই বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহমূলক’।
মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করতে যান মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা
পৌর নির্বোচনের একদিন আগে এই অনুষ্ঠানে প্রবীণ রাজনৈতিক তোফায়েল ইঙ্গিত দেন, বিএনপি চেয়ারপারসনের কথার জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে।
“এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে আমরা যদি কোনো ভুল করে থাকি, সাধারণ মানুষ কোনো কোনো ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করে না। তারা অপেক্ষা করে একটি দিনের জন্য, সেই দিনটি হল ভোটের দিন।”
“আমরা বাংলার জনগণের কাছে খালেদা জিয়ার বিচারের ভার ছেড়ে দিলাম। ব্যালটের মাধ্যমে মানুষ খালেদা জিয়ার বিচার করবে।”
