২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যস্ত’ ফখরুলের শুনানি পেছাল ১ মাস

পৌরসভা নির্বাচনে ‘ব্যস্ততার কারণে’ হাজিরা দিতে না পারায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাশকতার একটি মামলার অভিযোগ গঠনের শুনানি একমাস পেছান হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

আগামী ২৭ জানুয়ারি মামলাটির শুনানির নতুন তারিখ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান।

মির্জা ফখরুল ছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাসসহ বিএনপির ২৬ নেতা-কর্মী এই মামলার আসামি। 

পল্টন থানা এলাকায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতার এই মামলা হয়েছিল ২০১৩ সালের ২ মার্চ।

পরে ওই বছরের ২৬ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়। 

ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার দিন ধার্য ছিল।

“কিন্তু নিজ এলাকায় নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত থাকায় মির্জা ফখরুল আদালতে হাজিরা দিতে পারেননি মর্মে তার পক্ষে শুনানি পেছানোর জন্য সময় আবেদন করা হয়। বিচারক আবেদন মঞ্জুর করে আগামী ২৭ জানুয়ারি নতুন তারিখ রেখেছেন।”

আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে দলের পক্ষে প্রচারে উত্তরাঞ্চলে রয়েছেন ফখরুল।

গত ১ ডিসেম্বর মঙ্গলবার রাতে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান বিএনপি নেতা মির্জা ফখরুল।

পল্টন থানার তিনটি মামলাসহ নাশকতার সাত মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাবন্দি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

পুরনো খবর:

মুক্তি পেলেন ফখরুল
আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচন: ফখরুল