২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচন: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের অংশ হিসেবে পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 03:47 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শনিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী আমিরুল বাহারের পক্ষে প্রচার চালাতে গিয়ে এক পথসভায় তিনি একথা বলেন।

সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “আমরা আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এই নির্বাচনে জনগণ ধানের শীষে গণভোট দিয়ে সরকারের নির্যাতন-নিপীড়নের জবাব দেবে।”

এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে ‘গণতন্ত্রের আন্দোলনকে’ এগিয়ে নিতে আহ্বান জানান।

“৩০ ডিসেম্বরের পৌর নির্বাচন শুধু স্থানীয় সরকার নির্বাচন নয়, এটি গণতন্ত্রের অধিকার আদায়ের নির্বাচন।”

দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করতে আইন সংশোধনের বিষয়ে ফখরুল বলেন, “বর্তমান সরকার দেশে একদলীয় শাসন কায়েম করতে চায়। সে কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে তড়িঘড়ি পৌর নির্বাচনকে দলীয় নির্বাচনে পরিণত করেছে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এলাকার সাবেক সংসদ আখতারুজ্জামান মিয়া, বীরগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আমিরুল বাহার, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।