গণতন্ত্র, না জঙ্গিতন্ত্র- কোনটা মানবেন: খালেদাকে সুরঞ্জিত
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আসা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযুদ্ধের চেতনতায় প্রণীত বাহাত্তরের সংবিধান মেনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
“বেগম খালেদা জিয়া, আপনি ও আপনার দলের নেতারা বারবার জাতীয় ঐক্যের কথা বলেন। আপনি ৭২-এর সংবিধান মেনে আসুন। তাহলেই আপনার সঙ্গে জাতীয় ঐক্য হবে।”
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে খালেদার বিতর্কিত বক্তব্যের মধ্যে শনিবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক আলোচনা সভায় একথা বলেন ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
সুরঞ্জিত বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, ৭২-এর সংবিধানে যা লেখা আছে, তা থেকে এক চুলও কম মানলে ঐক্য হবে না। আপনাকে বাংলাদেশের স্বাধীনতা মানতে হবে, জাতির জনক বঙ্গবন্ধুকে মানতে হবে, সাথে সাথে জঙ্গিদের সঙ্গ ত্যাগ করতে হবে।
“মিরপুরে জঙ্গি আস্তানা গড়বেন, রাজশাহীতে আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা করবেন, আবার বলবেন ‘নির্বাচন অগণতান্ত্রিক’, এটা হতে পারে না। হয় গণতন্ত্র মানবেন, নয় আপনার জঙ্গিতন্ত্র, যে কোনো একটা মানবেন।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এই আলোচনা সভায় পৌরসভা নির্বাচন নিয়েও কথা বলেন সংসদ সদস্য সুরঞ্জিত।
ইসি বিএনপির প্রতি পক্ষপাত করছে অভিযোগ তুলে তিনি বলেন, “প্রচারণা থেকে মন্ত্রী-এমপিদের নাম কেটে দিয়েছে ইসি। নির্বাচন কমিশন তো এখন আপনাদের (বিএনপি) পক্ষে। তবুও বলছি এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করবে।”
ব্যর্থ রাষ্ট্র বানানোর ‘চক্রান্ত’
স্বাধীনতা যুদ্ধকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার পেছনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করার ‘চক্রান্ত’ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘স্কিলস কম্পিটিশন’ উদ্বোধনের অনুষ্ঠানে একথা বলেন তিনি।
নাহিদ বলেন, “আমাদের দুর্ভাগ্য, এখনও আমাদের স্বাধীনতা নানাভাবে কেউ কেউ প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেন। এমনকি যারা শহীদ হয়ে গেছেন, তাদেরকে নিয়ে কেউ কেউ কথা বলেন।”
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে তিনি বলেন, “তারা এদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়।”
