২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের সঙ্গে সন্ত্রাসীরা ভোটের মাঠে: হানিফ

পৌরসভা নির্বাচনের প্রচারে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ‘চিহ্নিত সন্ত্রাসী’ ও বিভিন্ন মামলায় অভিযুক্তরা অংশ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 08:42 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

ফৌজদারি মামলায় অভিযুক্তরা নির্বাচনী প্রচারের সুযোগ নিয়ে পলাতক জীবন থেকে প্রকাশ্যে বিচরণ করলে ফের নাশকতা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা বারবারই ইসিকে বলে এসেছি- যাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলার অভিযোগ আছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। এ রকম চার্জশিটভুক্ত সন্ত্রাসীদের নির্বাচনী প্রচারের দোহাই দিয়ে সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। এই সুযোগ দেওয়া উচিতও না।”

এ বিষয়ে জানানোর পরও ইসি ব্যবস্থা নেয়নি অভিযোগ করে অসন্তোষ প্রকাশ করেন হানিফ।

“বিএনপির এই সন্ত্রাসী ও চার্জশিটভুক্ত আসামি কিংবা যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে পলাতক ছিল, তারা ভোটের অজুহাতে আবার মাঠে নেমে সন্ত্রাসী আচরণ করবে। এটা ইসিকে কঠোর হাতে দমন করতে হবে।”

পৌরভোট সামনে রেখে বৃহস্পতিবার একটি গোয়েন্দা সংস্থা সারাদেশে সক্রিয় সন্ত্রাসী ও তাদের আশ্রয়দাতাদের তালিকা নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়।

মোট দুই হাজার ২৯ জনের ওই তালিকায় সবচেয়ে বেশি ১ হাজার ১২১ জন বিএনপির সমর্থক। এর পরে আওয়ামী লীগের ৫৬১ জন এবং জামায়াতে ইসলামীর ২১১ জনের নাম রয়েছে সন্ত্রাসী তালিকায়।

ওই তালিকা জমা পড়ার পরদিন ফের নির্বাচন কমিশনকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে হানিফ বলেন, “ইসি যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে, ইসি হয়তো বিএনপির পক্ষে অতিমাত্রায় সদয় হয়ে আওয়ামী লীগের প্রতি নির্দয় আচরণ করছেন।”

অবশ্য বিএনপিও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরকারের ‘তাবেদারির’ অভিযোগ করে আসছে। দলটি বলে আসছে, ৩০ ডিসেম্বর ভোট সামনে রেখে বিভিন্ন পৌর এলাকায় তাদের প্রার্থীর প্রচারে ‘হামলা’ ও নেতা-কর্মীদের ‘হয়রানির’ ঘটনা ঘটলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে বিএনপির দাবির সমালোচনা করে হানিফ বলেন, “তাদের সকল নেতা প্রচারের সুযোগ পেলেও তারা বলছে, সেনাবাহিনী মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। ভাবখানা এমন- বাংলাদেশে সেনাবাহিনী ছাড়া কোনো নির্বাচন হতে দেখেন নাই। কিন্তু তারা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তাদের সময়ে কোন নির্বাচনে তারা সেনাবাহিনী নামিয়েছিলেন- সেই তথ্য তাদের কাছ থেকে জানতে চাই।”

অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।