পৌর নির্বাচনের পরিবেশ 'নষ্ট' করছে মন্ত্রী-এমপিরা: বিএনপি
সরকারের মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘনের কারণে পৌর নির্বাচনের পরিবেশ 'নষ্ট' হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
পৌর নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে বুধবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, "সরকার দলীয় মন্ত্রী-এমপি এবং দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। এর ফলে সব নির্বাচনী এলাকায় সহিংসতা-সংঘর্ষে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে।”
"ইতোমধ্যে নির্বাচন কমিশন তাদের অসহায়ত্বের কথা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানিয়ে সহযোগিতা ও হস্তক্ষেপ প্রত্যাশা করেছে।"
তবে নির্বাচন কমিশন আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করলে 'ভয়ভীতি উপেক্ষা করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন' সম্ভব বলে মনে করেন বিএনপি নেতা দুদু।
বিধিভঙ্গের বিষয় নিয়ন্ত্রণে রোববার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “আমরা অনুরোধ করছি, সরকারে যারা আছেন, তারা যেন আমাদের সহযোগিতা করেন।
"যদিও নির্বাচন কমিশন আলাদা, তারপরও সরকার থাকা অবস্থায় নির্বাচন করছি আমরা। তাই সরকারের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠবে। সেই কারণে যিনি সরকারপ্রধান, তাকেও বলব বিষয়টি দেখার জন্য।”
সম্মেলনে পৌর নির্বাচনে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীদের ওপর মারধর ও হামলাসহ আচরণবিধি লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগ করেন তিনি।
শামসুজ্জামান দুদু জানান, বুধবার দুপুরে ঢাকার ধামরাইতে পৌর প্রার্থী দেওয়ান নাজিমউদ্দিনকে নেতাকর্মীসহ আটকে রেখে মারধর করা হয়।
এছাড়া মঙ্গলবার রাতে রাঙ্গামাটির মাটিরাঙ্গায় ধানের শীষের মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে কৃষক দলের নেতা নজরুল ইসলাম রঙ মিয়াকে হত্যা, ভোলার ৯ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান, কলিমুল্লাহ নামে দুজনসহ তিন বিএনপি কর্মীর ওপর হামলা হয়।
কুমিল্লার লাকশাম, চৌদ্দগ্রাম, চান্দিনা, গাইবান্ধার গৌবিন্দগঞ্জ, বগুড়া এবং মুন্সীগঞ্জ পৌরসভায় ক্ষমতাসীন দলের কর্মীদের প্রচারে বাধা দেওয়া ও নেতাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
তিনি বলেন, "গত দুই মাস ধরে যৌথ বাহিনী আমাদের নেতাকর্মীদের প্রতিনিয়ত গণগ্রেপ্তার করে চলছে। এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারের সঙ্গে যারা যুক্ত তারা থাকতে পারছেন না।
"বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সঙ্গে আলোচনা করেছেন, বলেছেন-কিন্তু লক্ষ্যনীয় বিষয় এ ব্যাপারে কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।”
সম্মেলনে পৌরভোট নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সাম্প্রতিক ব্ক্তব্যের প্রসঙ্গ টানেন বিএনপি নেতা দুদু।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে সরকারের 'অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি' অভিহিত করে তিনি বলেন, "এরশাদ বলেছেন, সকাল ৯টার মধ্যে পৌর নির্বাচন শেষ হয়ে যাবে।
"তিনি (এরশাদ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অংশ। তিনি কি প্রধানমন্ত্রীর বার্তা বহন করছেন কিনা। যদি তা-ই হয়, তবে সেটা মারাত্মক একটা বিষয়।”
এরশাদের এই বক্তব্যের সত্য-মিথ্যা সম্পর্কে খোলাসা করে জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অনুরোধ করেন দুদু।
"আমরা অনুরোধ করব, প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিষয়টা পরিষ্কার করার জন্য-এর সত্য-মিথ্যাটা পরিষ্কার করা প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে দলের যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপুসহ অন্যরা শামসুজ্জামান দুদুর সঙ্গে ছিলেন।
