খালেদার কথায় অবাক হইনি: ইনু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাত্তরে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় ‘মোটেই অবাক’ হননি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
পাকিস্তানের ‘মন জয় করতে’ বিএনপি নেত্রী পরিকল্পিতভাবে এ বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন তিনি।
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন এটা শোনার পর অনেকেই অবাক হয়েছেন, অনেকেই তাকে পাগল বলেছেন। আমি বলি ‘না’। আমি এ বক্তব্যে মোটেই অবাক হইনি।”
“শয়তান কি কখনো বদলায়? শয়তানের পাগলামীতেও একটা পরিকল্পনা থাকে। এটা পাগলামী নয়, এ কথাটা তিনি ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করেই বলেছেন।”
জাসদ সভাপতি ইনু বলেন, “আমার বলতেও লজ্জা লাগে, পাকিস্তানের মন জয় করতে কিছু মানুষ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়। যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ আসলেই গণ্ডগোল ও বিভ্রান্তি ছড়াতে চায়।
“এই দেশের যে কোনো প্রান্ত থেকে যদি এক মুঠো মাটি নিয়ে হাতে চাপ দেওয়া যায়, তাহলে নিশ্চিত এক ফোঁটা রক্ত বেরিয়ে আসবে, কোনো নির্যাতিতা নারীর কান্না কানে আসবে। যারা শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করতে চায়, তারা পাকিস্তানি এজেন্ট ছাড়া আর কিছু নয়।”
বিকেলে আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ‘সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শিরোনামে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।
একাত্তরের ২৫ মার্চ রাতের গণহত্যা প্রত্যক্ষের কথা জানিয়ে তৎকালীন ছাত্রলীগ নেতা ইনু বলেন, “আমি তখনো বুয়েটের হল ছাড়িনি। পলাশী থেকে তেজগাঁও পর্যন্ত এলাকায় রেললাইনের পাশ ঘেঁষে একটি বিশাল বস্তি ছিল। আমি দেখেছি, পাকিস্তাসি সেনারা তাতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, বৃষ্টির মতো গুলি করে মানুষ মেরেছে। সেদিন সেখানে কত মানুষকে হত্যা করা হয়েছিল তার কোনো হিসেব নেই।”
“আমরা রক্তের নদীর উপরে বসে আছি। বেগম জিয়া যে চেয়ারে বসে আছেন তার নিচের মাটি খুঁড়লেই রক্ত বেরিয়ে আসবে। একজন সাবেক প্রধানমন্ত্রীর এমন বক্তব্য শুনলে কষ্ট হয়,” বলেন এই মুক্তিযোদ্ধা।
আলোচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ শতকরা ৯৮ শতাংশ আসন পেয়েছিল। কিন্তু ভোট পেয়েছিল ৭০ শতাংশ। সেই ৩০ শতাংশ যারা মুক্তিযুদ্ধ চায়নি তারা কিন্তু এখনো আছে, তারা বিভ্রান্তি ছড়াতে চায়।
“আর এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্যের। তবে জাতীয় ঐক্য হবে না কোনো রাজাকারের সাথে, যারা ‘জয় বাংলা’ বলতে দ্বিধা করে তাদের সাথে। যারা রাজাকারদের সাথে জাতীয় ঐক্যের কথা বলে আমরা তাদের ষড়যন্ত্র রুখে দেব।”
অনলাইনে মুক্তিযুদ্ধের বিপক্ষে প্রচারণাকারীদের বিরুদ্ধে ‘সাইবার যুদ্ধে’ ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার, হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।
