খালেদার অনুপস্থিতিতে দুর্নীতির মামলায় শুনানি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, যার মধ্য দিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য শেষের আভাস মিলেছে।
সোমবার পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ আংশিক সাক্ষ্য দেন।
বিচারক আবু আহমেদ জমাদার আগামী ৩১ ডিসেম্বর মামলার পরবর্তী দিন রেখেছেন। ওই দিন বাকি সাক্ষ্য তুলে ধরবেন তদন্ত কর্মকর্তা।
তদন্ত কর্মকর্তাই এ মামলায় রাষ্ট্রপক্ষে শেষ সাক্ষী কি না জানতে চাইলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইনশাল্লাহ।”
এরপরে আর কেউ সাক্ষ্য দিবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “না, আর কত সাক্ষ্য দিতে বলেন।”
খালেদা জিয়ার ‘অসুস্থতার’ কথা জানিয়ে তার অনুপস্থিতিতে মামলার কার্যক্রম অব্যাহত রাখতে এদিন আদালতে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
আদালত আবেদন মঞ্জুর করে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীর জেরা ও নতুন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষী সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিজিএম আব্দুল গফুর, এজিএম মো. হারুন অর রশীদ, মিরপুর শিল্প এলাকা শাখার ব্যবস্থাপক হারুন অর রশীদ ফকির ও জিএম আমিন উদ্দিন আহমেদকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান। অন্য আসামিদের পক্ষে জেরা করেন আইনজীবী টিএম আকবর ও আমিনুল ইসলাম।
এরপর সাক্ষী মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক কাজী রশিদউজ্জামান সাক্ষ্য দেন। পরে এবং তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের আংশিক সাক্ষ্যগ্রহণ শুরু করা হয়।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় জিয়া দাতব্য ট্রাস্ট মামলা দায়ের করা হয়।
এ মামলায় খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এটি ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে এই আদালতে।
আগামী ১৪ জানুয়ারি ওই মামলার শুনানির দিন রয়েছে।
