সিঙ্গাপুরে বিএনপি নেতা নজরুলের মেরুদণ্ডে অস্ত্রোপচার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে।
শনিবার সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয় বলে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ছেলে অনিক ইসলাম খান।
অনিক বলেন, "বাবার স্পাইনাল কর্ডে অস্ত্রোপচার হয়েছে। আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর তাকে এখন হাসপাতালের হাই ডিপেন্ডডেন্সি ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের একটি কর্মশালায় যোগ দিতে গত ১০ নভেম্বর সিঙ্গাপুরে যান নজরুল ইসলাম খান।
এরপর সেখানে মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা অনুভব করলে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দলের সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এরপর গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করার একদিন পর এই বিএনপি নেতার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।
