‘বিজয় শোভাযাত্রা’ করতে চায় বিএনপি
বিজয় দিবসের বিকালে শোভাযাত্রা বের করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি।
এর মধ্যে অনুমতি পেয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশ বলছে, এখনো সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার সকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ আমাদেরকে নয়া পল্টন থেকে মৌচাক পর্যন্ত বিজয় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে এই অনুমতির কথা জানিয়েছেন।”
১৬ ডিসেম্বর বিকাল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে মৌচাকে গিয়ে শেষ করার পরিকল্পনা আছে দলটির।
বিএনপিকে শোভাযাত্রার বের করার অনুমতির দেওয়া হয়েছে কি না জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুনতাসীরুল ইসলাম বলেন, “ওদের কাছ থেকে একটা আবেদন এসেছে। তা পর্যালোচনা করা হচ্ছে, এখনো সিদ্ধান্ত হয়নি।”
বিজয় দিবসের ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও গুলশানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল সাড়ে ৮টায় চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এর পর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেবেন।
১৮ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।
