২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহরণ করে’ প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগ বিএনপির

নোয়াখালীর চাটখিল পৌরসভায় দলের মেয়র প্রার্থীসহ অন্য একজনকে ‘অপহরণ করে’ তাদের প্রার্থিতা প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 01:48 AM

Updated : 25 Apr 2022, 02:17 PM

চাটখিল পৌরসভায় বিএনপির প্রার্থী মোস্তফা কামালের ‘হদিস পাওয়া যাচ্ছে না’ বলেও অভিযোগ করেছে দলটি।

রোববার রাতে এক ‘জরুরি’ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অ্যাডভোকেট মাহবুবউদ্দিন খোকন।

রিজভী বলেন, “চাটখিলে আমাদের দল মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র মোস্তফা কামালকে অপহরণ করে তার কাছ থেকে জোর করে সই নেওয়া হয়েছে যে, তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

“ইউএনওর কাছে সরকারি দলের লোকের ওই প্রত্যাহারের কাগজ নিয়ে গেছেন এবং সেটি গ্রহণ করিয়েছেন। কেবল তাই নয়, আরেক স্বতস্ত্র প্রার্থীর প্রার্থিতাও একইভাবে প্রত্যাহার করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে আমরা অবিলম্বে মোস্তফা কামালের প্রার্থিতা বৈধ ঘোষণার দাবি জানাচ্ছি।”

তফসিল অনুযায়ী রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

রিজভী বলেন, “আমরা মনে করি, সরকারের সঙ্গে কারসাজি করে স্থানীয় প্রশাসন নির্লজ্জভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীকে জিতানোর জন্য এই অবৈধ তৎপরতাটি ঘটিয়েছে।”  

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী আবদুল হাইয়ের ওপর ‘ক্ষমতাসীনরা’ হামলা চালিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, “আবদুল হাই যখন বিএনপির মেয়র প্রার্থীকে নিয়ে একটি নির্বাচনী কর্মসূচিতে গেলেন, তখন তার ওপর উপর্যুপরি হামলা করে সরকারি দলের লোকজন।

“স্থানীয় প্রশাসন নির্বিকার-নিশ্চুপ। তারা সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে বলে আজ সারা দেশ অরাজকতার মুখে পড়েছে। গোটা দেশ অন্ধকারে নিমজ্জিত। আজ কারও কোনো নিরাপত্তা নেই।”

সংবাদ সম্মেলনে চাটখিল-সোনাইমুড়ি আসনের সাবেক সাংসদ ও বিএনপির যুগ্ম মহাসচিব খোকন বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মচারী বিএনপির মেয়র প্রার্থী মোস্তফা কামালকে টেলিফোনে হুমকি দিয়েছিলেন যেন সে মনোনয়নপত্র জমা না দেয়।

“মোস্তফা কামাল আমাকে টেলিফোনে ওই কর্মচারীর হুমকির কথা বলেছিলেন। ওই কর্মচারী বলেছিল, মনোনয়নপত্র জমা দিলে নাকি তাকে ও তার পরিবারকে সারা জীবন কাঁদতে হবে।

বিষয়টি নোয়াখালীর জেলা প্রশাসক, ইউএনও এবং ওসিকে জানানোর দাবি জানিয়ে তিনি বলেন, “কিন্তু কোনো ব্যবস্থা তারা নেয়নি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৫টা পর্যন্ত মোস্তফা কামাল প্রত্যাহার করেননি।

“সন্ধ্যা ৬টার পরে ঘোষণা আসল, মোস্তফা কামাল প্রত্যাহার করেছেন। একজন স্বতন্ত্র প্রার্থী ছিল, তারটাও প্রত্যাহার হয়েছে।”

এছাড়া দুজন ওয়ার্ড কাউন্সিল প্রার্থীর ‘বাড়ি আক্রমণ করে’ প্রত্যাহারপত্রে সই নেওয়া হয়েছে দাবি করে মাহবুবউদ্দিন খোকন বলেন, “এটা কি গণতন্ত্র? `` নির্বাচন কমিশন সরকারের সেবাদাস হিসেবে কাজ করছে।”

তিনি বলেন, “মোস্তফা কামালের হদিস পাওয়া যাচ্ছে না। তার টেলিফোন বন্ধ।”

সংবাদ সম্মেলনে রিজভীর পাশে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, তাইফুল ইসলাম টিপু প্রমুখ। 

পুরনো খবর:

বিদ্রোহীদের বহিষ্কার করা হয়েছে, জানালেন হানিফ