২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোটে সিটির শঙ্কায় হাফিজ

কয়েক মাস আগে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ‘অনিয়মের’ পুনরাবৃত্তি পৌরসভা ভোটেও হতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 07:16 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

Image
হাফিজ উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

হাফিজ উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

এই শঙ্কা থেকে ভোট নিয়ে তাদের তেমন ‘মাথাব্যথা’ নেই বলে জানিয়েছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান, যদিও ভোটের ২৩৫টি পৌরসভায় মেয়র প্রার্থী দিয়েছে তার দল।

বৃহস্পতিবার পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাজধানীতে এক আলোচনা সভায় হাফিজ বলেন,“আজ পৌরসভা নির্বাচনের ঘণ্টা বাজানো হয়েছে। এই নির্বাচন আমাদের কী দেবে? যা কিছু করার পুলিশ বাহিনী ও মাস্তানরা করবে।

“ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে কী নির্বাচন হয়েছিল,আপনারা দেখেছেন। আমি আশঙ্কা করছি,ঢাকা সিটি নির্বাচন যেভাবে হয়েছে, পৌরসভায়ও সেভাবে হবে।”

গত এপ্রিলে অনুষ্ঠিত ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোটের মাঝপথে সরে দাঁড়ান বিএনপি সমর্থিত প্রার্থীরা। ওই নির্বাচনে অনিয়মের নানা ঘটনা গণমাধ্যমে এসেছে।

এই প্রসঙ্গ তুলে ধরে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেন, “উপজেলা নির্বাচনে তৃতীয়-চতুর্থ ধাপে সেভাবেই নির্বাচন হয়েছিল। সুতরাং এই নির্বাচন (পৌরসভা) নিয়ে আমাদের মাথাব্যথা নেই।”

অবশ্য সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

“সরকারের উদ্দেশ্যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বিনীত নিবেদন থাকবে,নিজেদের ক্ষমতার উগ্র লোভের কারণে দেশকে আর ধ্বংস করবেন না। আপনারা অনুগ্রহ করে গণতন্ত্রকে সুযোগ দিন। সবাই পরমত সহিষ্ণু হোন। নির্বাচনে কোনো ধরনের কারচুপি করার চেষ্টা করবেন না,” বলেন হাফিজ।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘নির্বাসিত গণতন্ত্র,মানবাধিকার ভুলুন্ঠিত,উত্তরণে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয়’ শিরোনামে এই আলোচনা সভা হয়।

পৌর নির্বাচনের আচরণ বিধির সমালোচনা করে সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেন,“আচরণবিধিতে দেওয়া হয়েছে যে, দলের প্রধান প্রচারণায় অংশ নিতে পারবে না। এটা আমাদের দলের প্রধানকে টার্গেট করে করা হয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখার জন্য এমন অভিনব আচরণবিধি প্রণয়ন করেছেন নির্বাচন কমিশন।”

নির্বাচনী আচরণবিধিতে দলীয় প্রধানের প্রচারণায় অংশ নিতে বাধা নেই। তবে জনসভা বা শোভাযাত্রা নিষিদ্ধ প্রচারণায় পথসভা ও ঘরোয়াসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশের অনুমতি নিতে বলা হয়েছে।

দেশে মানবাধিকার ও গণতন্ত্র নেই বলেও অভিযোগ করেন সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ।

পরিস্থিতির কারণে চরমপন্থার উত্থান ঘটছে-মন্তব্য করে তিনি বলেন,“শিয়া-সুন্নির বিবাদ কোনো দিন বাংলাদেশে ছিল না। তাজিয়া মিছিলে বোমা মারা হয়েছে। বগুড়ার একটি মসজিদে হামলা করা হয়েছে। এগুলো কিসের আলামত? এটা তখনই হয়,যথন দেশে গণতন্ত্র থাকে না।”

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা,মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শাহ আবু জাফর,আবুল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান,শহীদুল ইসলাম চৌধুরী মিলন বক্তব্য রাখেন।