খালেদার দুর্নীতি মামলায় দুদক কর্মকর্তার সাক্ষ্য শুরু
বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে আংশিক সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী দুদকের সহকারী পরিচালক নাজমুল হাসান।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, বিচারক বাকি সাক্ষ্যগ্রণের জন্য ১০ ডিসেম্বর দিন ঠিক করেন।
সাক্ষ্যগ্রহণ শুরুর আগে রাষ্ট্রপক্ষের চার সাক্ষীকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান এবং মামলার আরেক আসামি জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবী টি এম আকবর।
এই চার সাক্ষী হলেন- শাহজালাল ইসলামী ব্যাংক ধানমণ্ডি শাখার সাবেক ব্যাংক কর্মকর্তা জিয়াউদ্দিন ফাউলাদ গণী (বর্তমানে সোস্যাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখায় কর্মরত), ডাচবাংলা ব্যাংক মাতুয়াইল শাখার কর্মকর্তা কামরুজ্জামান, দুদকের কনস্টেবল মঞ্জুরুল হক ও জিয়া উদ্দিন।
এই মামলার পাশাপাশি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলাও সাক্ষ্যগ্রহণের জন্য ১০ ডিসেম্বর দিন রাখা হয়েছে। দুই মামলাতেই বিএনপি নেত্রী খালেদা জিয়া আসামি হিসেবে রয়েছেন।
দাতব্য ট্রাস্ট মামলায় খালেদা ছাড়া বাকি তিন আসামি হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার বাকি পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন।
এছাড়া এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটির বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির আরেকটি মামলা করে দুদক।
২০১৪ সালের ১৯ মার্চ এ দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ৭ মে বিচারের জন্য বকশীবাজারের বিশেষ এজলাসে পাঠানো হয়।
এ দুই মামলায় সর্বশেষ ১০ সেপ্টেম্বর আদালতে হাজির হয়েছিলেন বিএনপি নেত্রী। এরপর আদালতের অনুমোদন নিয়ে চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে কোরবানির ঈদ করতে ১৫ সেপ্টেম্বর লন্ডনে গিয়ে ২১ নভেম্বর দেশে ফেরেন খালেদা।
এরপর নাইকো দুনীর্তি মামলায় ৩০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও এই দুই মামলায় এখনও আদালতে হাজির হননি বিএনপি নেত্রী।
