২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের ফাঁসির পর হরতালের বার্তা দিয়ে জামায়াতের বিবৃতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর হরতালের বার্তা দিয়ে বিবৃতি পাঠিয়েছে জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 02:54 AM

Updated : 22 Aug 2022, 02:01 PM

রোববার রাতের প্রথম প্রহরে মুজাহিদের সঙ্গে আরেক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

এরপর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একাত্তরের বদর কমান্ডার মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরকে ‘ফাসিকাষ্ঠে ঝুঁলিয়ে হত্যা’ বলে এর প্রতিবাদে সোমবার দেশব্যাপী হরতালের ঘোষণা দিয়েছে  জামায়াত।

এছাড়া রোববার মুজাহিদের জন্য দোয়া ও গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছে তারা।

জামায়াতে ইসলামী বলেছে,“আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বাংলাদেশের জনগণের নিকট প্রিয় একটি নাম। বাংলাদেশে গণতান্ত্রিক ধারার রাজনীতি চালুর ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়।

“চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে তিনি যে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের জনগণ কখনো ভুলবে না। তিনি ইসলামী আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে বাংলাদেশের জনগণের নিকট ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছিয়ে দেয়ার জন্য রাতদিন পরিশ্রম করেছেন। বর্তমান স্বৈরাচারী জালেম সরকার এ রকম একজন সৎ, আল্লাহভীরু ও যোগ্য জাতীয় নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করায় জাতি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।”

গত চার দলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী মুজাহিদ একাত্তরে ছিলেন জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের সভাপতি। সেই হিসাবে পদাধিকার বলে তিনি আল বদর বাহিনীরও নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের বিরোধিতায় ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়েই ওই বাহিনী গড়ে তোলা হয়েছিল।

মুক্তিযুদ্ধ শুরুর পর ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে দখলদার পাকিস্তান সেনাবাহিনী ক্যাম্প তৈরি করে, যেখানে রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হত। পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের শীর্ষ নেতা মুজাহিদের নিয়মিত যাতায়াত ছিল সেখানে। ঊর্ধ্বতন সেনা অফিসারের সঙ্গে স্বাধীনতাবিরোধী নানা অপরাধের পরামর্শ ও ষড়যন্ত্রও করতেন তিনি। এ ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়েই ১০ ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী নিধনসহ গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয় বলে তার মামলায় বলা হয়।

রিভিউ খারিজের পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে মুজাহিদের করা আবেদন নাকচের কথা সরকারের পক্ষ থেকে জানানো হলেও জামায়াত বলছে, তাদের নেতা এ আবেদন করেননি।

“তিনি মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষা চেয়েছেন বলে যে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে তাতে দেশবাসী ক্ষুব্ধ,” বলা হয়েছে বিবৃতিতে।

এর আগে গত বুধবার সর্বোচ্চ আদালতে মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পর একদিন হরতাল ডাকে জামায়াত। তবে হরতালে রাজপথে তাদের তেমন তৎপরতা দেখা যায়নি।