সাকার জন্যও কোনো কথা নেই বিএনপির
দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত হয়ে গেলেও কোনো প্রতিক্রিয়া আসেনি বিএনপির কাছ থেকে।
বুধবার বিএনপি নেতার সঙ্গে তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদেরও মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকলেও রায়ের পাঁচ ঘণ্টা পরও বিএনপির কোনো বিবৃতি আসেনি। কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি দলটির নেতারাও।
বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আইনজীবীরা কথা বলছেন।
“দলের তরফ থেকে এখনও আমি কোনো বার্তা পাইনি। পেলে যথাসময়ে জানাব।”
বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া রয়েছেন যুক্তরাজ্যে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন কারাগারে।
সালাউদ্দিন কাদেরের রায়ের পর তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, “আমরা আইনের লড়াই করেছি। আমরা হেরে গেছি। ব্যাস। এইটুকুই প্রতিক্রিয়া।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।
এর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড এবং আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হলে তখনও বিএনপি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের জোটসঙ্গী বিএনপি বরাবরই বলে আসছে, একাত্তরের যুদ্ধাপরাধের যে বিচার চলছে, তার মান প্রশ্নবিদ্ধ।
সকাল সাড়ে ১১টায় রিভিউ আবেদনের রায় ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির তিনজন সদস্য, দুজন ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের দুজন উপদেষ্টার কাছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিক্রিয়া জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে কথা বলুন- প্রায় সবারই ছিল এই সুর।
তবে স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না শর্তে বলেন, “সুপ্রিম কোর্টের রায়ে হতাশ হয়েছি। সালাউদ্দিন সাহেব এদেশের জাতীয় সংসদের দীর্ঘ সময়ের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। টানা ছয়বার এমপি ছিলেন। তিনি আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত হলেন, এটা নির্মম ও বেদনার।”
এক সময় মুসলিম লীগের সঙ্গে সম্পৃক্ত সালাউদ্দিন কাদের জাতীয় পার্টি ও এনডিপি হয়ে বিএনপিতে আসেন। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি।
এরশাদ আমলে মন্ত্রিত্ব পাওয়া চট্টগ্রামের সালাউদ্দিন কাদের ২০০১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে মন্ত্রীর মর্যাদায় তার উপদেষ্টা ছিলেন।
তার রিভিউ আবেদনের রায়ের দিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের পাহারা ছিল, ছিল সাঁজোয়া যান ও জলকামানের গাড়িও।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন হয় তারেক রহমানের জন্মদিনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে। এতে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল কম।
রিপনের সঙ্গে দলীয় কার্যালয়ে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে সালাউদ্দিন কাদেরবিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত আকবর।
দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহীন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, হেলেন জেরিন খান, শাম্মী আখতার ছিলেন সংবাদ সম্মেলনে।
এছাড়া হাতেগোনা কয়েকজনসহ অফিসকর্মীরা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। অন্যান্য সময়ে সংবাদ সম্মেলনে অনেক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়।
