আর কক্ষে নয়, রাজপথে থাকার ঘোষণা ‘আসল বিএনপি’র
আর কক্ষের মধ্যে সংবাদ সম্মেলন নয়, এখন থেকে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ‘আসল বিএনপি’র কামরুল হাসান নাসিম।
চলতি বছরের শুরুর দিকে ২০ দলের সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে দলের আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলেছিলেন নাসিম।
সে সময় নিজেকে ‘আসল বিএনপি’র মুখপাত্র দাবি করে দল পুনর্গঠনের ঘোষণা দিয়ে গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ফের বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে ‘অক্ষমতা’ ও জঙ্গিদের মদদের অভিযোগ তোলেন নাসিম।
তিনি বলেন, “আমার বলতেও লজ্জা করে যে, বিএনপি হিজবুত তাহেরির মত নিষিদ্ধ সংগঠনে পরিণত হতে যাচ্ছে।
“জাতীয়তাবাদী দল বিএনপি এখন প্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে পরিণত হয়ে গেছে। তাই বিএনপিকে পুনর্গঠন দরকার।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে নাসিম বলেন, “বাংলাদেশের মানুষ ও বিএনপিকে দেওয়ার মতো আর কিছু তাদের দুজনের মধ্যে নেই।”
দল পুনর্গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিপ্লব হয়েছ, তবে কোনো রাজনৈতিক দলের পুনর্গঠনের জন্য হয়নি। আমরা এক্ষেত্রে দলীয় বিপ্লব ঘটাব। দলীয় বিপ্লব ঘটাতে ২৬ নভেম্বর ঢাকা দখলে নিবে বিএনপি (আসল বিএনপি)।
“আগে হোমিওপ্যাথিক দিয়েছিলাম, এখন অ্যালোপ্যাথিক ওষুধ দেওয়ার সময় এসেছে। এখন থেকে কোনো কনফারেন্স কক্ষে নয়, রাজপথে আমাদের দেখা যাবে।”
‘এসো কান্না করি’ শিরোনামে নিজের কবিতা আবৃত্তির সিডি প্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে এসব বলেন কামরুল হাসান নাসিম। সভায় ১৫ থেকে ২০ জন উপস্থিত ছিলেন।
