‘রং কার্ড’ খেলছে সরকার: নজরুল
বিএনপিকে দমাতে না পেরে সরকার নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “তাস খেলায় একটা নিয়ম আছে- খেলার আর কোনো কার্ড না থাকলে রং খেলে দাও। এই সরকারের অবস্থাও একইরকম হয়েছে। আর কোনোভাবে বিএনপিকে দমন করতে না পারলে মিথ্যা মামলা দিয়ে দাও।”
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়েরের সমালোচনা করেন নজরুল ইসলাম খান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের এক মামলায় গত রোববার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। গত সাত বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত তারেকের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে বহু মামলা রয়েছে দেশের বিভিন্ন আদালতে।
তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।
সেখানে বক্তব্যে নজরুল ইসলাম খান দাবি করেন, তারেক রহমানের প্রতি ভয় থেকে তাকে বিভিন্ন মামলায় জড়াচ্ছে সরকার।
“তারেক রহমানকে সরকার এতোই ভয় পায় যে, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের একপাশের এলাকাবাসী ভালোবেসে একটি মোড়ের নাম দিয়েছে তারেক জিয়া। বিগত আন্দোলনের সময় কে/কারা সেই মোড়ে একটা গাড়িতে আগুন দিয়েছে। যেহেতু এই মোড়টি তারেক জিয়া নামের মোড়, সেজন্য তারেক জিয়া আসামি। এভাবে তাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে,” বলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান কোনো দুর্নীতি করেননি দাবি করে তার দলের নেতা নজরুল বলেন, “তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে হেয় করার জন্যই এসব চেষ্টা হয়েছে।
“কারণ একটাই, বেগম খালেদা জিয়াকে সরকার প্রতিদ্বন্দ্বী মনে করে। আর মনে করে যে, তার অনুপস্থিতিতে তাদের (ক্ষমতাসীন দল) মূল প্রতিদ্বন্দ্বী হবেন তারেক রহমান।”
তারেক রহমানের মতো মানুষ বিশ্বে দ্বিতীয়টা পাওয়া যাবে না দাবি করে নজরুল ইসলাম খান বলেন, “তিনি (তারেক) এমন একজন মানুষ, যে রকম আরেকটা মানুষ শুধু বাংলাদেশে নয়, বিশ্বে খুঁজে পাওয়া দুস্কর; যার পিতা স্বাধীনতার ঘোষক এবং দেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। তার মাতা বার বার জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন।
“বের করেন আরেকটা-যার বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী ছিলেন।”
২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। পরের বছর চিকিৎসার জন্য জামিনে মুক্তি নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। এরপর থেকে সেখানেই আছেন বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা।
তার দেশে ফেরা নিয়ে নজরুল ইসলাম বলেন, “আদালতের অনুমতি নিয়ে তিনি (তারেক) লন্ডনে গেছেন। যখনই সুস্থ হবেন, তখনই দেশে ফিরে আসবেন বীরের বেশে ইনশাল্লাহ।”
তারেকের শারীরিক অবস্থা ‘অনেকটা’ ভালো জানিয়ে তিনি বলেন, “তবে তিনি (তারেক) এখনও অসুস্থ। সেই অবস্থায় তিনি কী করছেন ওখানে? তিনি দেশের জনগণ নিয়ে ভাবেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা ভাবেন, গণতান্ত্রিক রাজনীতিকে সুদৃঢ় করার কথা ভাবেন। তিনি নারী-শিশুর কল্যাণ, বেকার যুবকদের কর্মসংস্থানের কথা ভাবেন।
“তিনি দরিদ্র শ্রমিক, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কথা ভাবেন এবং ঢাকার যানজটের কথা ভাবেন। এই সব বিষয়ের ওপর তিনি লেখাপড়া করছেন, নিবিড় পর্যবেক্ষণ করছেন যাতে আগামী দিনে জনগণ দায়িত্ব দিলে কিভাবে তা সুষ্ঠুভাবে পালন করতে পারবেন।”
সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সভায় যুবদলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
