২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম কে আনোয়ারের মুক্তির পথ খুলেছে

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 07:12 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

এর ফলে বিএনপি নেতার কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন।

একটি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের পর গত ১৮ অগাস্ট থেকে কারাগারে আছেন সাবেক মন্ত্রী আনোয়ার।

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ বিএনপি নেতা আনোয়ারকে জামিনের আদেশ দেন।

নাশকতার অভিযোগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পল্টন থানায় মামলাটি করে পুলিশ।

এই মামলায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হলে নভেম্বরে হাই কোর্টে জামিনের আবেদন করা হয়।

আদালতে এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি জেনালের ফজলুর রহমান খান।

সগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ প্রতিবেদন গ্রহণ না করা পর্যন্ত এম কে আনোয়ারের জামিন মঞ্জুর করেছে আদালত। কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি রুল দিয়েছে।”

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এক মামলায় গত ১৮ অগাস্ট নিম্ন আদালতে আত্নসমর্পণের পর কারাগারে পাঠানো হয় বিএনপির এই নেতাকে। এরপর ৩০ অগাস্ট পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তার বিরুদ্ধে থাকা ২১ মামলার মধ্যে চলতি বছর হয়েছে ১০টি। আগের ১১টিতে তিনি জামিন আছেন বলে আইনজীবী লিওন জানান।

তিনি বলেন, “পল্টন থানার মামলায় জামিন পাওয়ায় ১০টিতে জামিন হল। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।”