‘২০ দলের ১৮টি ছাগলের তিন নম্বর বাচ্চা’
শরিকদের সঙ্গে ‘বিশ্বাস ঘাতকার’ কারণে খালেদা জিয়া বাংলাদেশের রাজীতিতে নিজের ‘অবস্থান হারিয়েছেন’ বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শওকত হোসেন নীলু।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে দলের ঢাকা মহানগর শাখার সম্মেলনে তিনি এ কথা বলেন।
নীলু বলেন, “বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার করুণ পরিণতি হতে যাচ্ছে। আর এর জন্য দায়ী বেগম খালেদা জিয়া নিজেই।
“টাইটানিক যখন ডুবে যাচ্ছিল, তখন ক্যাপ্টেনের যেমন কোনো ভূমিকা রাখার সুযোগ ছিল না, তেমনি বাংলাদেশের রাজনীতিতে খালেদার কোনো ভূমিকা রাখার সযোগ নাই।”
তিনি বলেন, “বিশ দলীয় জোটের মধ্যে বিএনপি শুধু জামায়াতে ইসলামীকেই কাছে টানছে। আর বাকি ১৮ দল ছাগলের তিন নম্বর বাচ্চা।”
সামনের নির্বাচনে এনডিপি জোটকে দেশের বেশির ভাগ মানুষ সমর্থন দেবে বলে দাবি করেন এনপিপি প্রধান নীলু।
তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতির পূর্ব আকাশে নতুন সূর্য উদিত হতে যাচ্ছে। আর এটার সূচনা আমি করে দিলাম। আশা করি আগামী নির্বাচনে দেশের সকল মানুষ আমাদের জোটের দিকে সমর্থনে ঝাপিয়ে পড়বে।”
দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের সমালোচনা করে নীলু বলেন, “দেশে যখন খুন, গুম ও সন্ত্রাস চলছে, সরকার তখন নির্বিকার হয়ে বসে আছে। কাউকে খুঁজে পাচ্ছে না।”
একই অনুষ্ঠানে এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার বলেন, দেশে একদিকে ‘খুন, গুম, ছিনতাই, চাঁদাবাজি’ চলছে, অপরদিকে বিরোধীরা বিদেশিদের কাছে ‘ধরনা দিচ্ছে’।
‘ভাড়াটেদের নিয়ে সম্মেলন’
এই দ্বি-বার্ষিকী সম্মেলনে দলের পাঁচশ ‘নেতাকর্মী’ উপস্থিতি লক্ষ্য করা গেলেও অনেকেই দলের সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছেন।
এমনই একজন গৃহিনী শারমিন সুলতানা বলেন, “বিউটি আপা আমাকে নিয়ে এসেছেন তাই এসেছি। কোথায় যেতে হবে তাও জানতাম না। আপা বলছে ছেলে মেয়েদের সাথে নিয়ে আসতে। তাই তাদের নিয়ে এসেছি।”
এ বিষয়ে জানতে চাইলে এনপিপি নেত্রী এলিজাবেথ বিউটি ডি রোজারিও বলেন, “আমি মহানগরের পদ প্রত্যাশী। তাই লোক নিয়ে আসছি। কীভাবে নিয়ে আসছি সেটা আপনার জানার দরকার কি?”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জোবায়দা কাদের চৌধুরী, মহাসচিব আতিকুল ইসলাম, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, মহাসচিব মিজানুর রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, মহাসচিব হাশরত খান ভাসানী, বাংলাদেশ ইসলামি পার্টির চেয়ারম্যান এম এ রশিদ প্রধান, মহাসচিব মো. মহিউদ্দিন প্রমুখ।
জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মহাসচিব মিজানুর রহমান মিজু, জাগো দলের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আব্দুল হাই মণ্ডল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলীনূর রহমান খান সাজু, ন্যাপ ভাসানীর ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সরকারও বক্তব্য দেন।
