২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই যোগ্যতা বিএনপির কই: কাদের

খালেদা জিয়ার জাতীয় সংলাপের আহ্বানকে ‘বিদেশে বসে ঢিল ছোড়ার’ সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনে ব্যর্থ’ বিএনপি আলোচনায় বসার ‘যোগ্যতাও’ হারিয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

বিএনপি চেয়ারপারসন খালেদার উদ্দেশে তিনি বলেছেন, “টেমস নদীর পাড় থেকে শব্দ বোমা নিক্ষেপ করে সরকার পরিবর্তন হবে না, জাতীয় ঐক্য হবে না, জাতীয় সংলাপও হবে না।”

দেড় মাসের বেশি সময়ে ধরে  লন্ডনে অবস্থানরত বিএনপিনেত্রী বৃহস্পতিবার এক বিবৃতিতে আশা প্রকাশ করেন, “সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে দেশের এই ক্রান্তিকাল ও সঙ্কটজনক পরিস্থিতি থেকে উত্তরণে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রকে সংকোচন না করে কর্তৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে একটি জাতীয় সংলাপের সূচনার পরিবেশকে উন্মুক্ত করবে।”

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ডিআরইউ সদস্য লেখক সংবর্ধনা-২০১৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে দাঁড়িয়ে খালেদার জবাব দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। 

‘লাগামছাড়া জিহ্বা’ দায়িত্বহীন রাজনীতির মত বিপর্যয় ডেকে আনে মন্তব্য করে তিনি বলেন, “(বিএনপি নেতারা) শুধু ঢিল ছুড়ছেন, কেউ কাছে থেকে, কেউ দূরে থেকে, কেউ আটলান্টিকেরে কাছ থেকে কেউ টেমস নদীর তীর থেকে।

“বিদেশের মাটিতে বসে বিক্ষিপ্ত ঢিল ছুড়ে দেশে কি সরকার পরিবর্তন সম্ভব? এদেশ আফগানিস্তান বা পাকিস্তান নয়; এটা বীরের দেশ, রক্ত দিয়ে এ দেশ অর্জন করেছি।”

সাম্প্রতিক লেখক-প্রকাশক হত্যা এবং পুলিশের ওপর হামলার জন্য খালেদার দাল বিএনপিকে দায়ী করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জাতীয় সংলাপ করতে হলে যে পরিবেশ দরকার বিএনপিই তা ‘নষ্ট করছে’।

“এই পরিবেশ কি সংলাপের পরিবেশ? আর সংলাপ করতে পরিবেশের যেমন দরকার, যোগ্যতারও তেমন দরকার,” বলেন কাদের।

তিনি বলেন, যে দল আন্দোলনে জয়ী হতে পারে না, সে দল নির্বাচনেও বিজয়ী হতে পারে না- এটাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস।

“সংলাপে বসার জন্য নিজেদের শক্তি, যোগ্যতা, সাহসের প্রমাণ রাখতে হবে। না হলে শুধু শুধু কার সঙ্গে সংলাপ হবে! সে কি এমন অথরিটি যে তার সাথে বসব? সে যোগ্যতার প্রমাণ তো তারা রাখতে পারেননি।”

বিএনপির সরকারবিরোধী আন্দোলন ও দশম জাতীয় সয়সদ নির্বাচন ঠেকানোর চেষ্টার দিকে ইঙ্গিত করে কাদের বলেন, “আজকে দেখতাম বাংলাদেশে ৬৯ এর মতো একটি আন্দোলন বা নিদেন পক্ষে ৯০ এর মতো একটা আন্দোলন হয়েছে- তখন আমরা বুঝতাম সেই শক্তিটা (তাদের) আছে। যোগ্যতা ছাড়া সংলাপ হয় না।”

আন্দোলন করার ‘শক্তি যাদের নেই’ তারা এখন ঘন ঘন সরকার পরিবর্তনের কথা বলছে মন্তব্য করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “এই মাটিতে যোগ্যতা অর্জন করতে হবে সংলাপের জন্য। সরকার পরিবর্তন নির্বাচনের মধ্যে দিয়ে হয়, আন্দালনের মধ্য দিয়ে হয়।”

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বক্তব্য দেন।

এ অনুষ্ঠানে ডিআরইউ’র ২২ জন সদস্য লেখককে সম্মাননা দেওয়া হয়।