২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমশের ‘সুযোগসন্ধানী’: জয়নাল

রাজনীতি থেকে অবসর নেওয়া সাবেক বিএনপি নেতা সমশের মবিন চৌধুরীকে ‘সুযোগসন্ধানী’ বলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:38 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “সমশের মবিন চৌধুরী রাজনীতিবিদ নন। কিছু সুযোগ-সুবিধা নেওয়ার জন্য এসেছিলেন। ভেবেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হবেন, নির্বাচন করে মন্ত্রী হবেন।

“রাজনীতির দুর্গম পথ ও  চাপ সহ্য করতে না পেরে পদত্যাগ করেছেন। যারা একটি মামলার চাপ সহ্য করতে পারে না, তাদের রাজনীতিতে আসার দরকার নেই। এতে আমরা খুশি।”

গত ২৯ অক্টোবর বিএনপির সব পদ ও রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা সমশের মবিন দেওয়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়।

আওয়ামী লীগের নেতারা একে বিএনপিতে ভাঙনের শুরু বলছেন। বিএনপি নেতারা বলছেন, সমশেরের উপর নানাভাবে চাপ দিয়ে আসছিল সরকার।

তবে সমশেরকে প্রকাশ্যে এভাবে ‘সুযোগসন্ধানী’ অ্যাডভোকেট জয়নালের আগে বিএনপির কেউ প্রকাশ্যে বলেননি।  ওয়ান-ইলেভেনের সময় জয়নাল ‘সংস্কারপন্থি’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাসাসের আলোচনা সভায় জয়নাল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ শরীর নিয়ে একাধিক মামলায় বারবার কারাগারে গেছেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেক নেতা অসংখ্য মামলায় কারাগারে যাওয়া-আসার মধ্যে আছে। তারা তো দল থেকে বের হওয়ার চিন্তা করে না।”

বাংলাদেশে এখন ‘গণতন্ত্র নেই’ দাবি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, “নিরপেক্ষ নির্বাচন হলে দেশের জনগণের ৮৬ শতাংশ সমর্থন বিএনপির পক্ষে যাবে।”

দলের প্রতিকূল পরিবেশে নেতা-কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, “ঘাবড়াবেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলে আবার তৃণমূল পর্যন্ত পুনর্গঠন হবে।

“আইয়ুব খান, ইয়াহিয়া, এরশাদকে দেখেছি। এখন নব্য হিটলারি কায়দায় দেশ চলছে। বেশিদিন চালাতে পারবে না। আন্দোলন চলছে, বিজয় হবেই।”

পুরনো খবর:

রাজনীতি ছাড়লেন বিএনপির সমশের
জিয়ার পথে বিএনপি নেই, অন্য দলে যাব না: সমশের মবিন
বিএনপির ভাঙন সময়ের ব্যাপার মাত্র: কামরুল