মেয়র মনিকে বরখাস্ত ‘অসত্য তথ্যে’: খুলনা বিএনপি
‘অসত্য তথ্য’ দিয়ে সিটি করেপোরেশনের মেয়র মো. মনিরজ্জামান মনিকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করে তার নিন্দা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
নাশকতার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি মনিকে বরখাস্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের একদিন পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়া জানানো হয়।
খুলনা নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, “স্থানীয় সরকার বিভাগ এর প্রেরিত প্রজ্ঞাপনে যে কারণ দেখিয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা অসত্য ও মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে।”
২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে মেয়র হন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনি।
অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় করা দুটি মামলায় গত ১১ জুন মনিসহ মোট ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
যে সকল মামলায় মনির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তা ‘রাজনৈতিকে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন’ বলে দাবি করেন মঞ্জু।
সম্প্রতি ব্লগার, শিয়া সম্প্রদায়ের উপর হামলা ও বিদেশি হত্যার ঘটনায় সরকার ‘মিথ্যাচার’ করছে এবং বিএনপির উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও তার দাবি।
