২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বরখাস্ত খুলনার মেয়র মনি

নাশকতার মামলায় আসামি করে পুলিশের অভিযোগপত্রের পর খুলনা সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মনিরুজ্জামান মনিকে বরখাস্ত করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে সোমবার আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব সরোজ কুমার নাথ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন মামলায় এই মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় সিটি করপোরেশন আইনের ১২ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

আইন অনুযায়ী প্যানেল মেয়রদের মধ্য থেকে কাউকে এখন খুলনার মেয়রের দায়িত্ব দেওয়া হবে।

২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে মেয়র হন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনি।

Image
মনিরুজ্জামান মনি (ফাইল ছবি)

মনিরুজ্জামান মনি (ফাইল ছবি)

অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় করা দুটি মামলায় গত ১১ জুন মনিসহ মোট ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এর আগে সিলেটের মেয়র আরিফুল হক, রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং গাজীপুরের মেয়র এম এ মান্নানকেও একইভাবে বরখাস্ত করা হয়েছে; তারা সবাই বিএনপির নেতা।

বিএনপির অভিযোগ, তাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ‘মিথ্যা’ মামলা দিচ্ছে।

পুরনো খবর:

খুলনার মেয়র মনিসহ বিএনপির ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র