২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মেয়র মনিসহ বিএনপির ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় করা দুটি মামলায় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিসহ মোট ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর হাকিম মেছবাহ উদ্দিন আহমেদের আদালতে খুলনা সদর থানার দুই তদন্ত কর্মকর্তা এ দুই অভিযোগপত্র দাখিল করেন।

এর মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনের আগে ২০১৩ সালের ২৬ নভেম্বর নগরীর পাওয়ার হাউজ মোড়ে পুলিশের ওপর হামলার মামলায় ৪০ জনকে আসামি করে একটি অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোস্তাক আহমেদ।

নির্বাচনের আগের দিন পিটিআই মোড়ে একটি ইজিবাইকে অগ্নিসংযোগের অপর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এস আই তাপস পাল।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ৫৬ জনের মধ্যে মনিরুজ্জামান মনি, খুলনা নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, নগর যুবদল সভাপতি শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক শের আলম সান্টু, নগর ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেনকে দু্টি মামলাতেই আসামি করা হয়েছে।

পুলিশের উপর হামলার মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- খেলাফত মজলিস নেতা মাওলানা নাসির উদ্দিন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউসুল আযম, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কেএম হুমায়ুন কবির, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন হেলাল, সোনাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হাসান দুলু, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজির উদ্দিন আহম্মেদ নান্নু, জেলা ছাত্রদল সভাপতি কামরান হাসান ও সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ।

আর অগ্নিসংযোগের মামলার অন্য আসামিদের রয়েছেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুর রহমান দীপু ও ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি।

ওসি সুকুমার বলেন, “বর্তমানে দুই মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।”

নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার চার্জশিট দিয়েছে। এভাবে একের পর এক মামলায় চার্জশিট দিলে তারা স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নেবেন।