২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর কোনো কারণ না থাকায় আ. লীগ আনন্দিত: নজরুল

সমশের মবিন চৌধুরীর পদত্যাগ নিয়ে আওয়ামী লীগ নেতারা বিভ্রান্তি তৈরি করতে চাইছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 01:20 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

তিনি বলেছেন, “সমসের মবিন চৌধুরী রাজনীতি থেকে অবসর নিয়েছেন স্বাস্থ্যগত কারণে। এটাতে আওয়ামী লীগের আনন্দিত হওয়ার কোনো কারণ দেখি না।

“তবে তাদের আনন্দিত হওয়ার আর তেমন কোনো কারণ নেই বলেই বোধহয় এব্যাপারে একটু আনন্দিত হয়েছে। জনগণের মধ্যে বিভ্রান্তি ও কৌতূহল সৃষ্টি করার জন্য এ ধরনের কথা তারা বলছে।”

শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে একথা সাংবাদিকদের বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারপারসন সমশের মবিন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপির বর্তমান কার্যধারা নিয়ে প্রশ্ন তোলেন।

এরপর আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের দল পরিচালনায় ক্ষুব্ধ হয়ে বিএনপির আরও নেতা ভবিষ্যতে দল ছাড়বেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “যে যা ভাবে আর কী, সেটাই বলতে পছন্দ করে। এটা যদি তাদের (আওয়ামী লীগ নেতাদের) স্বপ্ন হয়, আমি বলব দুঃস্বপ্ন।

“দুঃস্বপ্ন এই কারণে যে, স্বাধীনতার ঘোষকের যে দল বিএনপি, মুক্তিযুদ্ধের পক্ষের আশ্রয়স্থল তো সেই দল।”

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি থেকে কে যাচ্ছে, এটা না করে তাদের নিজেদের ঘর সামলানো ভালো হবে। ক্ষমতায় যতদিন আছে, ততদিন মনে হবে ঠিক আছে। কিন্তু ভেতরে ভেতরে কতদূর যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটা তাদের বোঝা উচিৎ।”

সমশের মবিনের পদত্যাগ ‘স্বাস্থ্যগত’ কারণে উল্লেখ করে তার সঙ্গে সরকারের ‘চাপ’ থাকার অভিযোগও করেন নজরুল।

“তিনি অসুস্থ, তার চিকিৎসা বাধাগ্রস্ত করার জন্য তার পাসপোর্ট আটকিয়ে রেখে তার উপর এক রকম চাপ প্রয়োগ করা হয়েছে। তিনি সিজনড পলিটিশিয়ান না। এই চাপ তিনি হয়ত সহ্য করতে না পারেন নাই বলে রাজনীতি থেকেই অবসর নিয়েছেন।”

Image
নজরুল ইসলাম খান (ফাইল ছবি)

নজরুল ইসলাম খান (ফাইল ছবি)

লন্ডনে বসে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন- আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্যের জবাবে বিএনপি নেতা বলেন, “যারা ষড়যন্ত্রে বিশ্বাস করে, তারা সবকিছুতে ষড়যন্ত্র দেখে। বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না।

“বেগম খালেদা জিয়া গোপনে দেশত্যাগ করেন নাই। তিনি চিকিৎসার জন্য গেছেন। সেখানে তার পুত্রের ইচ্ছায় নয়, চিকিৎসার জন্য অবস্থান করছেন।”

খালেদার সফর নিয়ে কয়েকটি গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন নজরুল।

“কিছু মিডিয়ার কিছু মানুষ আছেন, তারাও এসব প্রচার করেন। আপনাদের বিবেকবোধ নেই? বিবেচনা বোধ নেই? আপনাদের কাছে অনুরোধ করব যে, কেউ একটা কথা বললেই, তা খবর হয় না। দুঃখ আমাদের, আপনারা সত্য প্রকাশ এখন বাধ্য হয়ে করেন না, না কি রাজনৈতিক বিশ্বাসে করেন না, তা আমি জানি না।”

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের মহাসচিব এ এম মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে আইনজীবীদের নিয়ে নজরুল ইসলাম দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দেন।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ আইনজীবী নেতারা এসময় উপস্থিত ছিলেন।

মামলা-হুলিয়া থাকার কারণে সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম মিয়াসহ অনেক কেন্দ্রীয় নেতা এই কর্মসূচিতে যোগ দিতে পারেননি বলে নেতারা জানান।

পুরনো খবর:

‘অভ্যন্তরীণ কলহের’ করুণ পরিণতি সমশের: কাদের
আরও অনেকেই বিএনপি ছাড়বে: হানিফ