খালেদার দুর্নীতি মামলায় আরেক ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের আরেক কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী মেজবাউল হক বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের কাছে জবানবন্দি দেন। তিনি সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখার কর্মকর্তা।
পরবর্তী শুনানির দিন ৫ নভেম্বর তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপি প্রধান খালেদা জিয়ার অনুপস্থিতিতেই এ মামলার শুনানি চলছে।
রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপন করা এজলাসে এদিন রাষ্ট্রপক্ষের সাক্ষী সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখার হিসাবরক্ষক (ক্যাশিয়ার) ওয়ালিদ আহমেদ, শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা (সিনিয়র অফিসার) মামুনুজ্জামান, গৃহ নির্মাণ ও উন্নয়ন প্রতিষ্ঠান (ডেভেলপার) মেট্রোমেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুল ইসলাম এবং দুদকের সহকারী পরিচালক চৌধুরী এম এন আলমকে জেরা করেন আসামিদের আইনজীবীরা।
আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও আমিনুল ইসলাম।
দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার ২৬ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় জিয়া দাতব্য ট্রাস্ট মামলা দায়ের করা হয়।
এ মামলায় মোট আসামি চারজন। খালেদা ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এই মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে এই আদালতে।
ওই মামলায় আসামি মোট ছয়জন। খালেদা ছাড়া অন্য পাঁচজন হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দায়ের করা জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বলা হয়, এতিমদের সহায়তা করার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করেন আসামিরা।
দুই মামলারই বাদী দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক হারুঅর রশিদ খান।
জিয়া এতিমখানা মামলায় নেওয়া সাক্ষ্য বাতিল চেয়ে খালেদার আইনজীবীরা হাই কোর্টে গিয়ে বিফল হয়েছেন। হাই কোর্টের আদেশ রিভিউয়ের জন্য আপিল বিভাগে আবেদন করা হয়েছে বলে বিচারককে জানিয়েছেন আইনজীবীরা।
