গণতন্ত্র গণভবনের চার দেয়ালে আবদ্ধ: নোমান
বাংলাদেশের গণতন্ত্র বর্তমানে ‘গণভবনের চার দেয়ালে আবদ্ধ’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীতে মহানগর যুবদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “গণতন্ত্র এখন গণভবনের চার দেয়ালে আবদ্ধ হয়ে পড়েছে। স্বৈর সরকারের নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার কারণে সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে।
“রাজনৈতিক দল হিসেবে মাঠে ময়দানে জনসভা করার মৌলিক অধিকার হরণ করে সরকার আমাদের সাংগঠনিক তৎপরতা চার দেয়ালের মধ্যে করতে বাধ্য করছে।”
‘গণতন্ত্র পুনরুদ্ধার’ করতে নব্বইয়ের মত সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে একযোগে আন্দোলন জোরদার করার আহ্বান জানান সাবেক মন্ত্রী নোমান।
জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর নূর আহমদ সড়কের সিএমইউজে মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে মহানগর যুবদল।
বিএনপি নেতা নোমান বলেন, “গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকায় দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। গণতন্ত্র ও আইনের শাসন না থাকার কারণেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে।
“মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে বাংলাদেশ ক্রমান্বয়ে কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”
নগর যুবদলের সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে যুবদল নেতা তানভীর আহমেদ ওই আলোচনা সভা সঞ্চালনা করেন।
এতে বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যরা বক্তব্য রাখেন।
