দেশে দুঃসময়: ফখরুল
মত প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে এক ‘দুঃসময়’ পার করছে দেশ।
শুক্রবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এখন স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধি চর্চার কোনো অবকাশ নেই। এখন কণ্ঠ রোধ করা হয়, চিন্তাকে বাধা দেওয়া হয়।”
সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করে তিনি বলেন, “আজকে দুর্ভাগ্য আমাদের, আমরা যারা ১৯৭১ সালের আগে থেকেই সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, তার জন্য একাত্তরে লড়াই করেছিলাম। আজকে দীর্ঘদিন পরে এসে এখন শ্বাস বন্ধ হয়ে যায়, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। আমরা যারা সত্য কথা বলতে চাই, যারা ভিন্নমত পোষণ করতে চাই, তাদেরকে এখানে পুরোপুরিভাবে নির্যাতন-নিপীড়ন-দমনের শিকার করা হয়।
“বাংলাদেশে এক দুঃসময় চলছে।”
তবে এ পরিস্থিতিতে হতাশ না হতে সমমনাদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ সব সময়ই তাদের অধিকারগুলোকে সংগ্রামের মধ্য দিয়ে আদায় করেছে। সেই সংগ্রামের মধ্য দিয়ে আবারও তাদের অধিকারগুলো ফিরিয়ে আনবে। এটাই ইতিহাস। সেজন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই।
“নিঃসন্দেহে একদিন আমরা সফল হব। এদেশের মানুষ স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধির পরিবেশ ফিরে পাবে।”
প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকালে তার কমলাপুরের জসিমউদ্দিন সড়কের বাসায় এই আলোচনা সভা হয়। গত ১১ জানুয়ারি চাষী নজরুল মারা যান।
নজরুল ইসলামের সৃষ্টি কর্ম নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, “অত্যন্ত বড়মাপের সৃজনশীল মানুষ ছিলেন তিনি। এই মহান সৃষ্টিশীল মানুষটিকে আমাদের বার বার স্মরণ করা উচিৎ। শুধু এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ‘আমরা হেরে যাইনি। আমরা আমাদের মানুষের অধিকারের জন্য লড়াই করছি, লড়াই করতে থাকব।’”
সমবেতদের উদ্দেশ্যে তিনি বলেন, “আসুন আমরা সবাই মিলে চাষী ভাই যে কাজ সমাপ্ত করতে পারেননি, সেই কাজ সমাপ্ত করার জন্য সবাই অবদান রাখি।”
প্রখ্যাত নাট্যকার আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য্ অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তারেক শামসুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ছড়াকার আবু সালেহ, চাষী নজরুলের সহধর্মিনী জ্যোৎস্না কাজী, জাসাসের সভাপতি এম এ মালেক, জিয়া সাংস্কৃতকি সংগঠনের (জিসাস) আবুল হাশেম রানা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এছাড়া কণ্ঠশিল্পী হাসান চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্না, চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলনও বক্তব্য রাখেন।
জন্মবার্ষিকী উপলক্ষে সকালে মুন্সীগঞ্জের শ্রীণগরের সমষপুর গ্রামে ‘একুশের বাড়ি’তে চাষী নজরুলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ, গণসংস্কৃতি দল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
