টাঙ্গাইল উপনির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে কাদের সিদ্দিকীর রিট
টাঙ্গাইল উপনির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
মঙ্গলবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে কাদের সিদ্দিকীর এই রিট উপস্থাপন করা হয়।
আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী এজে মোহাম্মদ আলী ও রুবায়েত হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।
পরে এ জে মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল (বুধবার) আবেদনটি শুনানির জন্য আসবে।”
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপ-নির্বাচনে প্রার্থী হতে কাদের সিদ্দিকী ও তার দলের আরও তিনজনসহ মোট দশজন মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান গত ১৩ অক্টোবর বাছাই শেষে কাদের ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ঋণ খেলাপের কারণ দেখিয়ে কাদের ও নাসরিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এরপর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন কাদের ও নাসরিন সিদ্দিকী। কিন্তু কমিশনের শুনানিতেও তাদের আবেদন টেকেনি।
সোমবার এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী অভিযোগ করেন, তাকে ‘ঋণ খেলাপি’ বানাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ছলনার’ আশ্রয় নিয়েছে।
ওই সংবাদ সম্মেলনেই প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিট আবেদনে নির্বাচন কমিশনের ওই দুই সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না এ মর্মে রুল চাওয়া হয়। একইসঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, টাঙ্গাইলের জেলা রিটার্নিং কর্মকতাসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
