আন্দোলনে ব্যর্থ হয়েই বিদেশি হত্যা: তোফায়েল
৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর আন্দোলন-সংগ্রামে ফল হবে না বুঝে সরকারকে বেকায়দায় ফেলতে বিদেশিদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার গাজীপুরে এক অনুষ্ঠানের তিনি বলেন, “যারা ৫ জানুয়ারির নির্বচন ঠেকাতে পারেনি তারা মনে করছে, আন্দোলন-সংগ্রাম করে সরকাররের কিছু করা যাবে না। কিন্তু দুই-একজন বিদেশিকে হত্যা করে আন্তর্জাতিক বিশ্বে সংবাদ হবে।”
তোফায়েল বলেন, যাদের কাছে বাংলাদেশ একসময় ‘তলাবিহীন ঝুড়ি’ ছিল, তারা এখন বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন বাধার সৃষ্টি করছে।
“দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সব কিছুতে আমরা এখন এগিয়ে। অর্থনৈতিক ও সামাজিক- সকল খাতে আমরা পাকিস্তান ও ভারত থেকে এগিয়ে।”
দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিজ্ঞান সন্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ও বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. শহীদ আখতার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাহ্বুবর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ড. ইসমাইল হোসেন মিঞা ও বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্মাতক শিক্ষার্থী ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
