বিদেশি হত্যায় স্বাধীনতাবিরোধীরা: শিল্পমন্ত্রী আমু
বাংলাদেশের এগিয়ে যাওয়া থামাতে বিদেশিদের হত্যার মাধ্যমে স্বাধীনতাবিরোধীরা আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচা শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগ আয়োজিত ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, “বাংলাদেশ যখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতাবিরোধীরা নতুন উদ্যোমে বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চাইছে।”
ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমাদেরকে বলা হয় ভারতের দালাল। আমরাই ভারতের বিরুদ্ধে মামলা করেছি। অন্য কোন সরকার করেনি। এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনাই মামলা করেছিল। অন্য কোন সরকার প্রধান তা করেনি।”
“সমুদ্র বিজয়ের পর আমরা যে সীমানা পেয়েছি সেই অংশ থেকে সামুদ্রিক সম্পদ ঠিক মত আহরণ করতে পারলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”
আমির হোসেন আমু বলেন, “আজকে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তখন স্বাধীনতাবিরোধীদের গাত্রদাহ করছে। তাই নতুন উদ্যামে বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চাইছে।”
তিনি বলেন, “যারা উন্নয়ন দেখে না, তাদের পাগলের প্রলাপ ছাড়া কিছু হতে পারে না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ২০১৩ সালে নির্বাচন ঠেকানোর নামে সাংবিধানিক সংকট সৃষ্টি করার চেষ্টা, ২০১৪ সালে আন্দোলনের নামে মানুষ হত্যা করে এত ষড়যন্ত্রের পরও বাংলাদেশ আজ সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।”
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।
আরও বক্তব্য রাখেন যুব নেতা শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান মুজিব, মনজুর আলম শাহীন, ইকবাল মাহমুদ বাবলু, ইকবাল পরভেজ প্রমুখ।
