বিদেশি হত্যায় বিএনপি-জামায়াত: তোফায়েল
দুই বিদেশিকে হত্যার পেছনে বিএনপি-জামায়াত জোটের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ৯২ দিন হরতাল-অবরোধ করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারাই বিদেশিদের হত্যা করেছে।
“কারণ যখন তারা দেখল আন্দোলন করে কোন কাজ হয়নি, তখন গুপ্তহত্যা করে আন্তর্জাতিক বিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ন করতে চায়।”
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইতালির নাগরিক চেজারে তাভেল্লা। সপ্তাহ না গড়াতেই ৩ অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য মো. ইউনুছের সভাপতিত্বে প্রস্তুতি কমিটির সমাবেশে তোফায়েল আহমেদ আরও বলেন, “স্বাধীনতার পর আওয়ামী লীগ এখন যেকোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী।”
এর আগে তিনি ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।
