ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে: ফখরুল
দেশ ‘ক্রান্তিকাল’ অতিক্রম করছে দাবি করে তা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা কথা বলা অধিকার হারিয়েছি। আমাদের ভোটের অধিকার ও মৌলিক অধিকার হারিয়েছি। এগুলোকে ফিরে পাওয়ার জন্য স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে কাজ করতে হবে।”
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি আবেদুর রহমান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে দেখা করেন।
এ সময় চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় সংগঠনটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা।
শুভেচ্ছার জবাবে মির্জা ফখরুল বলেন, “আমি আশা করব, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আপনারা যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন, ঠিক একইভাবে আজকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরে আনার জন্য আপনারা এক হয়ে কাজ করবেন।
“আপনার সফল হবেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন- এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।”
সাক্ষাতের সময়ে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সহসভাপতি মিজানুর রহমান খান, গোলাম মোস্তফা, সানোয়ার হোসেন, এস এম কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, কাজী নাসির উদ্দিন প্রমুখ কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
