পুলিশের আচরণে ‘সরকারের ছবি’: সিপিবি-বাসদ
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, পুলিশের আচরণে ‘সরকারের ছবি’ দেখা যায়।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে টাঙ্গাইলের ঘটনার প্রতিবাদ ও ‘হত্যাকাণ্ডের’ বিচার চেয়ে সিপিবি-বাসদের ডাকে ওই প্রতিবাদ সভা হয়।
খালেকুজ্জামান বলেন, “আয়নায় যেমন নিজের ছবি দেখা যা, তেমনি পুলিশের আচরণেই সরকারের ছবি দেখা যায়- সরকার কেমন?”
ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় গুলিতে তিনজন নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মৃত্যু হয় আরেকজনের।
পুলিশের উপর হামলার অভিযোগে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে।
পুলিশের করা এই মামলা তাদের বাণিজ্যের কারণে হয়েছে বলে প্রতিবাদ সভায় সিপিবি-বাসদের নেতারা অভিযোগ করেন।
গুলিবর্ষণের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করে সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, “গুলি করে চারজন মানুষ মারা হলো। অথচ পুলিশ সদস্যদের ‘ক্লোজ’ করা হলো।
“ক্লোজ করা কোনো শাস্তি হতে পারে না। আমরা ওই সব পুলিশের বিচার চাই।”
বাসদের কেন্দ্রীয় নেতা রাজ্জেকুজ্জামান রতন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স ও আব্দুলাহ কাফি রতন সভায় বক্তব্য দেন।
